'ঈদের সময়ও গরিবের চাল চুরি' মঠবাড়িয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় ভিজিএফ কার্ডধারী দুস্থদের চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পৌর কাউন্সিলররা এভাবে ‘গরিবের চাল চুরি’ করছেন বলে অভিযোগ উঠেছে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ গোষ্ঠীর খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় মঠবাড়িয়া পৌরসভার নয়টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জনের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত রোববার থেকে চাল বিতরণ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ২, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে চাল বিতরণ করা হয়। তিনটিতেই অনিয়মের অভিযোগ উঠেছে।
গতকাল চাল পাওয়া ২৫ জন অভিযোগ করেন, তাঁদের ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ১২-১৩ কেজি। দাঁড়িপাল্লা দিয়ে না মেপে একটি বালতি দিয়ে চাল মেপে দেওয়া হয়। এতে করে ওজন বোঝার উপায় থাকে না। বাড়িতে গিয়ে মাপার পরই বিষয়টি ধরা পড়ছে।
পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাজমুল হোসেন বলেন, ‘একটা বালতিতে ভরে চাল মেপে দেওয়া হয়েছে। বাড়িতে গিয়ে মেপে দেখি মাত্র ১৩ কেজি চাল। ঈদের সময়ও গরিবের চাল চুরি করছেন কাউন্সিলররা।’
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘাটতি থাকায় জনপ্রতি ১৬ কেজি চাল দেওয়া হতে পারে। তবে ১২-১৩ কেজি করে দেওয়ার অভিযোগ ঠিক নয়।
তবে চাল কম দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে রাগান্বিত হন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুর রহমান সিকদার। তিনি বলেন, ‘প্রয়োজন হলে পাঁচ কেজি করে চাল দেব। কারণ, অনেক ঘাটতি আছে।’
মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ বলেন, ‘ঘাটতি ও পরিবহন খরচ সমন্বয় করতে জনপ্রতি এক থেকে দুই কেজি চাল কম দেওয়া হতে পারে। কিন্তু সাত-আট কেজি করে চাল কম দেওয়ার কথা আমার জানা নাই। অভিযোগ তদন্ত করে দেখা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন বলেন, ‘দুস্থদের চাল কম দেওয়ার অভিযোগ আপনাদের (সাংবাদিক) কাছেই শুনলাম। আমি খোঁজ নিয়ে দেখছি।’