রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে উত্ত্যক্তকারীর ভয়ে তিন ভাইবোনের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। হুমকির কারণে প্রায় দেড় মাস ধরে বিদ্যালয়ে যাচ্ছে না তারা। অর্ধবার্ষিক পরীক্ষায়ও অংশ নিতে পারেনি তিন ভাইবোন। এ ব্যাপারে ১৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ওই তিন শিক্ষার্থীর পরিবার এ কথা জানিয়েছে।
থানায় দেওয়া অভিযোগ ও পরিবার সূত্রের ভাষ্যমতে, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত করতেন অরুণজয় চাকমা নামের এক ব্যক্তি। পরে তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এতে রাজি না হওয়ায় গত ১৫ জুন ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন অরুণজয়ের সহযোগী নয়ন চাকমাসহ ১০-১২ জন যুবক। পরে ওই ছাত্রী ১৬ জুন অরুণজয় চাকমাসহ ১৬ জনের বিরুদ্ধে সাজেক থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ার পর আসামিরা ওই ছাত্রীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এতে পরিবারটি মাচালং বাজার এলাকায় থানার পাশে আশ্রয় নিয়েছে। এরপর থেকে ওই ছাত্রী, তার বড় বোন (দশম শ্রেণির ছাত্রী) ও ছোট ভাইয়ের (৬ষ্ঠ শ্রেণি) বিদ্যালয়ে যাওয়া বন্ধ।
ওই তিন শিক্ষার্থীর মা অভিযোগ করেন, ‘অরুণজয় চাকমা আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। আমরা কাজে বাইরে থাকার সুযোগে অরুণজয় তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে মারধর করেছে।’
শিক্ষার্থীদের বাবা বলেন, ‘আমি সামান্য জুমচাষি। অনেক কষ্ট করে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাড় করি। এক অরুণজয় আমার সন্তানদের লেখাপড়া ও পরিবারের সবকিছু এলোমেলো করে দিয়েছে। ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারছে না। ছোট মেয়ের সামনে জেএসসি ও বড় মেয়ের এসএসসি পরীক্ষা। জেএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। কিন্তু উত্ত্যক্তকারীর ভয়ে ফরম পূরণও করা যাচ্ছে না।’
যোগাযোগের চেষ্টা করেও অরুণজয় চাকমাকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঘটনার পর তিন ভাইবোনের কেউই বিদ্যালয়ে আসছে না। অর্ধবার্ষিক পরীক্ষা শেষের দিকে। তিনি জানান, জেএসসি পরীক্ষার ফরম পূরণ আগামীকাল (আজ বুধবার) ১০টা পর্যন্ত চলবে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একজন স্কুলছাত্রী ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।