চাঁদপুরে শারমিন আক্তার নামের দশম শ্রেণির এক ছাত্রী গত বৃহস্পতিবার দুপুরে আত্মহত্যা করেছে। অভিযোগ উঠেছে, তারেক হোসেন নামের এক সহপাঠীর দীর্ঘদিনের উত্ত্যক্ত করা ও সর্বশেষ লাঞ্ছনার জেরে সে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী তারেককে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করে। তারেকসহ সাতজনকে আসামি করে শাহরাস্তি মডেল থানায় মামলা হয়েছে।
শারমিন ও তারেক শাহরাস্তির ফরিদউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। শারমিনের (১৬) বাড়ি উপজেলার হাড়িয়া গ্রামে। তারেক একই উপজেলার সাংহাই গ্রামের বাসিন্দা।তারেক দীর্ঘদিন ধরে শারমিনকে উত্ত্যক্ত করে আসছিল বলে মেয়েটির পরিবার ও এলাকার অনেকে অভিযোগ করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারেক শারমিনকে চড় মারে ও মুখে থুতু দেয়। এই লাঞ্ছনা সইতে না পেরে শারমিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনার পর বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ভাঙচুর করে।
এজাহারে আরও বলা হয়েছে, তারেক চড় মারার পর তার মা-ও বিদ্যালয়ে গিয়ে শারমিনকে বকাঝকা করেছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে শারমিন ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। পরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি মর্মান্তিক।’
সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শারমিনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েক শ মানুষ বিদ্যালয় ঘেরাও করে। একপর্যায়ে বেশ কয়েকটি কক্ষের দরজা-জানালায় ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শারমিনের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, তাঁর বোন দুপুরে কাঁদতে কাঁদতে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আসে। পরে একফাঁকে সে আত্মহত্যা করে।
চাঁদপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শারমিনের মরদেহ দাফন করা হয়।
শাহরাস্তি মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিলদার আজাদ জানান, তারেককে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শারমিনকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যালয়ের সামনে এলাকাবাসী মানববন্ধন করে।
গত বছর এই বিদ্যালয়েরই এক ছাত্রীকে উত্ত্যক্ত করা ও অপহরণের দায়ে তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হোসেন বিদ্যালয়ে প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই যুবককে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।