'উল্টাপাল্টা প্রশ্ন করে বিভ্রান্তের চেষ্টা চলছে'
কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় এবার তাঁর চাচাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র মো. মিনহাজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কুমিল্লার পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা পরিবারের কনিষ্ঠ সদস্যদের উল্টাপাল্টা প্রশ্ন করে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন তনুর বাবা ইয়ার হোসেন।
তনুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা মিনহাজকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া তনুর চাচাতো বোন লাইজু জাহান ও ছোট ভাই আনোয়ার হোসেন ওরফে রুবেলকেও ফের জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল তনুর চাচা, চাচি, তাঁর গ্রাম যে ইউনিয়নে, সেই ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তনুর বন্ধুর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ পর্যন্ত সিআইডি এ মামলায় ৫৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
সিআইডি সূত্রে জানা গেছে, সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে একটি দল আজ সকাল ১০টায় তনুদের গ্রামের বাড়ি কুমিল্লার যায়। এ সময় তনুর চাচাতো ভাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. মিনহাজ হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা পরিবারের কনিষ্ঠ সদস্যদের উল্টাপাল্টা প্রশ্ন করে বিভ্রান্ত করছেন। মিনহাজকে দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।’
তনুর ছোট ভাই আনোয়ার হোসেন রুবেল বলেন, মামলার আইও এসে আমাদের দু-একটা প্রশ্ন করেছেন। হত্যাকাণ্ডের আগ পর্যন্ত আমাদের বাসায় ছিল মিনহাজ। সে কুমিল্লা সেনানিবাসের বাইরে অবস্থিত করিমাবাদ মডার্ন হাইস্কুলের ছাত্র ছিল। হত্যাকাণ্ডের পর থেকে মিনহাজ আর এখানে পড়ে না। সে গ্রামের বাড়িতে চলে গেছে। ওখানকার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছে।
এ প্রসঙ্গে সিআইডির পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে তনুর চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই–বাছাই করা হবে। এটি আমাদের রুটিন ওয়ার্ক।’
২০ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ ময়নামতি সেনানিবাস এলাকার একটি ঝোপে পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন গত ২১ মার্চ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি মডেল থানার পুলিশ, পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং সবশেষে ১ এপ্রিল তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।