'এইডা নতুন কিছু না, সবাই ভুইল্যা যাইবো'

‘এইডা নতুন কিছু না। কয়েকজন মরছে দেইখ্যা আপনারা আইছেন। আপনাগো কাছে নতুন লাগে। কয়দিন পর সবাই ভুইল্যা যাইব। কিন্তু পরে আপনেগো লাইগ্যা আমগো ঘর ভাড়া বেশি দেওন লাগবো। এই আর কী।’
আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং-সংলগ্ন উত্তর দিকে রেললাইনের পাশের বস্তিতে বসবাসকারী এক নারী এভাবেই তাঁর মনের কথা বললেন। কারওয়ান বাজার রেলক্রসিং থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত ঘুরে দেখা যায়, গতকাল শুক্রবার কারওয়ান বাজার রেলক্রসিং-সংলগ্ন বস্তি উচ্ছেদ করা হলেও আজ এ ধরনের কোনো তৎপরতা চোখে পড়েনি।
এসব বস্তিতে বাস করা অনেক নারী-পুরুষের ভাষ্য, কোনো ঘটনা ঘটলেই পুলিশ আসে, বাজার উঠিয়ে দেওয়া হয়, উচ্ছেদের নামে বস্তির ঘরগুলো ভেঙে দেওয়া হয়। কয়েক দিন গেলে সবকিছু ভুলে যায় মানুষ।
বেলা পৌনে ১১টার দিকে দেখা যায়, এফডিসি রেলক্রসিং থেকে তেজগাঁও স্টেশন মধ্যবর্তী এলাকায় রেললাইনের দুই পাশের কয়েক শ বস্তিঘর অক্ষতই রয়েছে। বস্তিগুলোতে সামনে রান্নাসহ প্রয়োজনীয় কাজ সারছেন নারীরা। শিশুরা খেলছে। অনেকে রেললাইন দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। তাঁদের দেখে বোঝার উপায় নেই, মাত্র দুই দিন আগে এখানে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। ঝরে গেছে চারটি প্রাণ।
রেললাইনের পশ্চিম পাশের ঝুপড়ি²ঘরগুলোর একাধিক বাসিন্দার ভাষ্য, তাঁদেরকে মালপত্র নিয়ে অন্যত্র চলে যেতে বলা হলেও তাঁরা কোথাও যাবেন না। এখানেই থাকবেন তাঁরা।
গতকাল রেললাইন-সংলগ্ন বস্তির উচ্ছেদকাজে নেতৃত্ব দেওয়া রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নুরন্নবী কবীর উপস্থিত সাংবাদিকদের জানিয়েছিলেন, কারওয়ান বাজার রেলক্রসিং থেকে তেজগাঁও স্টেশন পর্যন্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চলবে।

গতকাল রেল কর্তৃপক্ষ যে ঘরগুলো উচ্ছেদ করেছিল সেগুলোর বাঁশ, বেড়াসহ ভাঙা অংশ যত্রতত্র পড়ে আছে। সেগুলো এখনো সরানো হয়নি। আজও রেললাইনের ওপর বাজার বসেনি বলে আশপাশের লোকজন জানান।
গতকালের উচ্ছেদ অভিযানে ঘর ভাঙা পড়েছে ইকবাল ও মোস্তাফিজের। কিন্তু এ নিয়ে তাঁদের চিন্তা নেই। ইকবাল ও মোস্তাফিজের ভাষ্য, এক সপ্তাহের মধ্যে এখানেই নতুন করে ঘর তুলে নেবেন তাঁরা। নেতাদের একটু বেশি টাকা দিতে হবে, এই যা।
দুপুর পৌনে ১২টা পর্যন্ত তিনটি ট্রেন কারওয়ান বাজার রেলক্রসিং অতিক্রম করতে দেখা যায়। এ সময় রেললাইনের ওপর দিয়েই হাঁটাচলা করছিলেন অনেকে। ট্রেন খুব কাছে এলেও তাঁদের মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। যেন এটা কিছুই নয়।
গত বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার রেলক্রসিংয়ের পাশে ‘মুহূর্তের বিভীষিকায়’ দুই ট্রেনের মাঝে পড়ে চারজন প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন।