'এইভাবে মানুষ মানসেরে মারে?'

অভাবের সংসারে রোকসানার জন্ম। ১০ বছর আগে মা মারা যান। এরপর সৎমায়ের সংসারে বেড়ে ওঠা। সেখানে ছিল নানা যাতনা। এক বছর আগে সজীব নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামীর সংসারে আসার পর রোকসানার ভাগ্য ফেরে। স্ত্রীর কষ্ট ভুলিয়ে দিতে দিনরাত পরিশ্রম করতে থাকেন সজীব। ছয় মাস আগে রোকসানার গর্ভে আসে সন্তান।
ঈদের আগে কাজের জন্য ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন সজীব। স্বামী তাঁর জন্য ঈদে নিয়ে আসবেন শাড়ি। ঈদের দিন স্বামীর সঙ্গে যাবেন ঘুরতে। এমন স্বপ্নে বিভোর হয়ে বাড়িতে অপেক্ষা করছিলেন রোকসানা। কিন্তু বাড়ি আর ফেরেন না সজীব মিয়া। ঈদের আগের দিন তাঁর কাছে পুলিশের ফোন আসে, সজীবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা রোকসানা বলছিলেন, ‘কীভাবে মানুষে মানুষরে মারে। এই জীবনে আমি প্রথম দেখলাম। হ্যার শরীরে মাংস নেই। কাজ করে খায়। সহজ-সরল মানুষ। এই রকম মানুষটাকে হেয়ারা মারছে। আমার স্বামীর কী অপরাধ। তাকে ধাক্কা দিছে, সে প্রতিবাদ করছে। এর জন্য এইভাবে মারবে?’
সজীবের বয়স ২০ বছর। ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক্টরের চালকের সহকারী ছিলেন। করতেন কৃষিকাজও। গত ১৮ জুন তিনি আসেন ঢাকায়। স্ত্রীকে বলে আসেন কাজের জন্য ঢাকায় যাচ্ছেন। ঢাকায় আসার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।
মামলার এজাহার ও আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদন বলছে, ঈদের আগের দিন ২৫ জুন সকাল ১০টার সময় শ্যামপুর বাজার পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস তাঁকে সামান্য ধাক্কা দেয়। তখন তিনি উঠে মাইক্রোবাসের গ্লাসে থাপ্পড় মেরে গাড়ি থামাতে বলেন। তখন গাড়িতে থাকা তিন ব্যক্তি গাড়ি থামিয়ে প্রথমে সজীবকে থাপ্পড় মারে। তারপর তাঁকে মাইক্রোবাসে উঠিয়ে কদমতলীতে হাবিবুর রহমানের (৫২) বাসায় নেওয়া হয়। এরপর শুরু হয় নির্যাতন। হাবিবুর, আলমগীর হোসেন (৩২) ও আবদুল কাদের (৩০) মিলে লাঠি দিয়ে বেধড়ক পেটান। ঘরের মধ্যে পিটিয়ে তাঁকে মেরে ফেলা হয়।
রাজধানীর কদমতলী থানায় করা সজীব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দীপংকর মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘সামান্য কারণে ঈদের আগের দিন সজীবকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে হাবিবুর, আলমগীর ও কাদের গ্রেপ্তার হয়েছেন। হত্যার দায় স্বীকার করে আলমগীর ও কাদের ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনজনই কারাগারে আছেন। হাবিব শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের ভাই।’

সজীবরা পাঁচ ভাই। ঢাকায় থাকেন তাঁর আরেক ভাই মাসুদ রানা। ঢাকায় একটি প্রাইভেট কার চালান। মাসুদ রানা বলছিলেন, তাঁর ভাই সহজ-সরল মানুষ। ঈদে বাড়তি টাকা রোজগারের জন্য তিনি ঢাকায় আসেন।
পুলিশ কর্মকর্তা দীপংকর রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলেন, মারার সময় সজীব হাত-পা ধরে বাঁচার আকুতি জানিয়েছিলেন।
সজীবের স্ত্রী রুকসানা মুঠোফোনে বলছিলেন, তাঁর জীবনের সব আনন্দ নিভে গেছে। স্বামী সব সময় তিনি কী খেয়েছেন খোঁজ নিতেন। এখন আর কেউ খোঁজ নেন না। সন্তান পেটে নিয়ে এখন কোথায় যাবেন?
রোকসানা বারবার বলছিলেন, ‘এইভাবে মানুষ মানসেরে মারে?’