'এক টাকার জন্য' দুই দিন সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘এক টাকার জন্য’ দুই পক্ষের মধ্যে দুই দিন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের তিন কর্মকর্তা ও তিন সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এবং আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, সোমবার রাত নয়টার দিকে সৈয়দটুলা চকবাজারের সাত্তার মিয়ার (৩০) দোকানে মুঠোফোনে ১০ টাকা ফ্লেক্সিলোড করতে যান একই গ্রামের মনির হোসেন (৩০)। এ সময় সাত্তার মিয়া অতিরিক্ত এক টাকা দাবি করেন। মনির হোসেন এক টাকা দিতে গড়িমসি করতে থাকেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। দেড় ঘণ্টা পর পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করে।
সোমবারের ঘটনার জের ধরে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয় পক্ষের লোকজন আবার দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সরাইল থানার ওসি মো. আলী আরশাদ, উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, এস আই মশিউর রহমান, এস আই রবিউল ইসলাম, এ এস আই মহিউদ্দিন, সদস্য জালাল উদ্দিন, রবিউল ইসলাম ও মোজাম্মেল হকসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ লাঠিপেটা করে, পাঁচটি কাঁদানে গ্যাস ও পাঁচটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় সাত্তার মিয়ার দোকানসহ বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ১০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশি গ্রেপ্তার এড়াতে উভয় পক্ষের লোকজন আজ সংঘর্ষের পর গা ঢাকা দিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।