সিলেটের তারাপুর চা-বাগান এলাকা থেকে অবৈধ স্থাপনা সরাতে গ্যাস ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার মাইকিং শুনে গতকাল রোববার দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। তাঁরা গ্যাস ও বিদ্যুৎসংযোগ বন্ধে দেওয়া গণবিজ্ঞপ্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী বলেন, তারাপুর চা-বাগান এক ব্যক্তি জালিয়াতি করে দখল করেছেন। একজনের জালিয়াতির কারণে দুই যুগ ধরে বসবাস করা তারাপুর মৌজার তিন হাজার পরিবারকে ভিটাচ্যুত করা অমানবিক। যেকোনো শর্তে ভিটাচ্যুত না করতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
বেলা দুইটায় সিলেট জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম শাহরিয়ার কবির সেলিম। এ সময় তারাপুর এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল ইলিয়াছুর রহমান, সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল সংবাদ সম্মেলনে বলা হয়, রাগীব আলী জালিয়াতি করে তারাপুর চা-বাগান দখল করেছিলেন। উচ্চ আদালতের এ রায়ের প্রতি তাঁরা আস্থাশীল। তবে তারাপুরের বসতি এলাকায় প্রায় দুই যুগ ধরে বসবাসকারী কেউই দখল করে নন, বরং বিভিন্ন হাতে জমি কেনাবেচা করে ঘরবাড়ি বানিয়েছেন। এ অবস্থায় রাগীব আলীর অবৈধ স্থাপনা উচ্ছেদের সঙ্গে বসতবাড়িগুলো উচ্ছেদ করা হলে কয়েক হাজার মানুষ ভিটাচ্যুত হয়ে পথে বসার উপক্রম হবে।
গ্যাস ও বিদ্যুৎসংযোগ বন্ধে দেওয়া গণবিজ্ঞপ্তি স্থগিত করার আহ্বান জানিয়ে আজ সোমবার সকালে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
৪২২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা তারাপুর বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রায় বাস্তবায়ন করতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। রায়ে তারাপুর চা-বাগানকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে ১৭টি নির্দেশনা দেওয়া হয়। গত ১৫ মে চা-বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।
রায়ের পরবর্তী নির্দেশনা বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন মেডিকেল কলেজ, হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা ৩০ জুলাইয়ের মধ্যে সরাতে গণবিজ্ঞপ্তি জারি করে।