'এখন আর সে আশাও রইল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এত দিন আশায় ছিলাম, একদিন আমার ছেলে ফিরে আসবে। এখন আর সে আশাও রইল না।’ টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের পিচুরিয়া গ্রামে নিজ বাড়িতে গতকাল শুক্রবার কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন পাঁচ বছর আগে খুন হওয়া যুবলীগ নেতা মোহাম্মদ শামীমের মা আছিয়া খাতুন।

২০১২ সালের ১৬ জুলাই নিখোঁজ হন বাঘিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শামীম এবং সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এ সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন দুজন। শাহাদত হোসেন ও খন্দকার জাহিদুল ইসলাম নামের ওই দুই আসামি জবানবন্দিতে বলেছেন, নিখোঁজ হওয়ার দিনই খুন হন শামীম ও মামুন। এ খবরে শামীম ও মামুনের পরিবারে নতুন করে নেমে এসেছে শোকের ছায়া।

শামীমের বাবা হাবিবুর রহমান বলেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের শাস্তি চাই।’ মামুনের মা জোবেদা বেগম এ খবর শোনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

শামীম ও মামুন নিখোঁজ হওয়ার প্রায় এক বছর পর ২০১৩ সালের ৯ জুলাই টাঙ্গাইলের বিচারিক হাকিমের আদালতে এই দুজনকে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে মামলা করেন মামুনের বাবা আবদুল আজিজ।

মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।