'এখন দালালেরা ধরা পড়লে শান্তি পাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিয়ানমার সীমান্ত থেকে উদ্ধার করা না হলে সাগরেই ডুবে মরতে হতো। ভাবতে পারিনি আর কোনো দিন বাড়ি ফিরতে পারব। এ জন্য আল্লাহর কাছে শোকরিয়া। এখন দালালেরা ধরা পড়লে শান্তি পাব’—এই বক্তব্য বগুড়ার সাগর আলীর। ১৬ বছর বয়সী এই কিশোর দালালের ফাঁদে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিল।
গত শুক্রবার দুপুরে ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা ৩৭ জন অভিবাসীর একজন সে। আইনি প্রক্রিয়া শেষে এসব অভিবাসী গতকাল শনিবার কক্সবাজার থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন।

>২১ মে মিয়ানমার উপকূল থেকে ২৮৪ জন অভিবাসীকে উদ্ধার করে সে দেশের নৌবাহিনী। তাদের পরিচয় যাচাই করে ৮ জুন ১৫০ জনকে দেশে ফিরিয়ে আনে বিজিবি

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে জানান, উদ্ধার ৩৭ অভিবাসীর মধ্যে চারজন কিশোর। গতকাল চারজনকে আদালতে হাজির করা হয়। বিচারক তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তরের নির্দেশ দেন।
এর আগে ৮ জুন ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ১৫০ জন বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে ২৪ জন কিশোর ছিল। তাদেরও রেড ক্রিসেন্ট সোসাইটির জিম্মায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
চার কিশোর হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. শামীম (১৬), কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মো. আফাই মিয়া (১৬), হবিগঞ্জের লাখাই উপজেলার সাজি উল্লাহ (১৭) ও বগুড়ার ধুনট উপজেলার সাগর আলী (১৬)।
রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানান, আদালতের নির্দেশ অনুযায়ী রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা চার কিশোরকে তাদের বাড়িতে পৌঁছে দিতে গতকাল রাতেই রওনা হয়েছেন।
গতকাল কক্সবাজার আদালত প্রাঙ্গণে বগুড়ার সাগর আলী (১৬) জানায়, গত ১৩ এপ্রিল এলাকার এক দালাল মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে তাকে কক্সবাজার নিয়ে আসে। তারপর পাঁচতলা বড় জাহাজে ওঠানোর কথা বলে মহেশখালী উপকূল দিয়ে তাকে ছোট একটি ইঞ্জিন নৌকায় তুলে দেয়। এরপর থেকে ২১ মে পর্যন্ত একটি ট্রলারে তারা প্রায় ৩০০ লোক সাগরে ভাসতে থাকে। এ সময় মুক্তিপণের জন্য তাদের মারধর করা হতো।
পুলিশ সূত্র জানায়, ২১ মে মিয়ানমার উপকূল থেকে ২৮৪ জন অভিবাসীকে উদ্ধার করে সে দেশের নৌবাহিনী। তাদের পরিচয় যাচাই করে ৮ জুন ১৫০ জনকে দেশে ফিরিয়ে আনে বিজিবি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, গত দুই দিন (শুক্র ও শনিবার) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দ্বিতীয় দফায় ফিরিয়ে আনা ৩৭ অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করে সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ সাত জেলার ২৬ জন মানব পাচারকারী দালালের নাম পাওয়া গেছে। এসব দালালকে ধরতে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
উদ্ধার ৩৭ অভিবাসীর মধ্যে হবিগঞ্জের ১১, কিশোরগঞ্জের ৮, বগুড়ার ৭, সিরাজগঞ্জের ৫, সুনামগঞ্জের ৪, মাদারীপুর ও জামালপুরের ১ জন করে রয়েছেন।