'এখান থেকে যাওয়া যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ থেকে নৌকা ছাড়ার পরেই কালাম বুঝতে পারেন, তিনি পাচার হয়ে যাচ্ছেন। তখনই তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করতে থাকেন। তাঁর কথার জবাবে পাচারকারী চক্রের একজন বলেন, ‘এখানে আসা যায়, এখান থেকে যাওয়া যায় না।’
একই নৌকায় কালামের সঙ্গে ছিলেন সিরাজগঞ্জের আবদুল হাকিম (৪৮)। তিনি মালয়েশিয়ায় ধরা পড়েছিলেন। জেল খেটে ছাড়া পেয়ে বাড়ি ফিরে কালামের মাকে এ কথা শুনিয়েছেন।
অপরদিকে থাইল্যান্ডের কারাগার থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন টাঙ্গাইলের ময়নাল মিয়া (৩৫)। তিনি এসে কালামের মাকে বলেছেন, থাইল্যান্ডের কারাগারে কালামের সঙ্গে তাঁর দেখা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রফিকুল ও সবুরও একই কথা বলেছেন।
কালামের (২৪) বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজাগড়া গ্রামে। তাঁর বাবার নাম আ. ছোবাহান। সাত ভাইয়ের মধ্যে কালাম সবার ছোট। তাঁর বড় ভাই আবদুল খালেক ১৫ বছর ধরে রাজশাহীর পবা উপজেলার হাজরাপুকুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। কালাম এসএসসি পাস করে বড় ভাইয়ের কাছেই থাকতেন। স্থানীয় একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। তাঁদের মা রূপ ভানু বেগমও থাকেন বড় ছেলের সঙ্গে।
আবদুল খালেক বলেন, থাইল্যান্ডে ভালো চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের আনোয়ার হাজি তাঁর ছোট ভাই কালামকে নিয়ে যান। এ জন্য তিনি ২ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন। ২০১৩ সালের ২৩ অক্টোবর কালাম বাড়ি থেকে বের হয়ে যান। নৌকায় ওঠার পর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো তাঁরা তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পরছেন না। তিনি বলেন, আনোয়ার হাজি তাঁর মাকে মা বলে ডাকতেন। বরাবরই তিনি বলে আসছিলেন, ‘মা, আপনার ছেলেকে আমরা বের করে আনার চেষ্টা করছি।’ মুঠোফোনে মায়ের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতেন। সম্প্রতি ধরপাকড় শুরু হলে আনোয়ার হাজি তাঁর ফোন বন্ধ করে দিয়েছেন।
সম্প্রতি আবদুল খালেকের বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে কথা হয়। মা রূপ ভানু বেগম বেলকুচির আঞ্চলিক ভাষায় গড়গড় করে কথা বলছিলেন। আর ঝরঝর করে কাঁদছিলেন। ছেলের ছোট ছবিটি বড় করে লেমিনেটিং করে নিয়েছেন। সেই ছবিটি নিয়ে বসেছিলেন। তিনি বলেন, ময়নালের বাড়ি টাঙ্গাইলের চর আলিকদিয়াড় গ্রামে। তাঁর ফেরার কথা শুনেই তিনি ওই চরে ছুটে গেছেন। ছেলে বাড়ি থেকে যাওয়ার সাত মাস পরে ময়নালের কাছ থেকেই তাঁরা প্রথম জানতে পারেন যে তাঁর ছেলে থাইল্যান্ডের কারাগারে আটক রয়েছেন। তিনি বলেন, ছেলে ময়নালকে একটি চিঠি দিয়েছিলেন। আসার পথে ময়নাল হারিয়ে ফেলেছেন। মা বলেন, ওই কাগজটা পেলে হয়তো তাঁরা তাঁর ছেলেকে উদ্ধার করতে পারতেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ময়নাল মিয়া বলেন, কালামের বাড়ি তাঁর কাছাকাছি একটি গ্রামে। আগে থেকেই চিনতেন। তিনি আলাদা নৌকায় ছিলেন। নৌকা থেকে নামার পরেই থাইল্যান্ডের পুলিশ তাঁদের আটক করে। তখন দালালেরা সবাই পালিয়ে যান। তাঁকে যে কারাগারে নিয়ে যাওয়া হয়, সেই কারাগারে কালামের সঙ্গে তাঁর দেখা হয়। সেখানে বাংলাদেশ ও মিয়ানমারের সাত-আট শ লোক ছিলেন। পরে কারাগার বদল করা হলে ময়নালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারাগারের নাম জানতে চাইলে ময়নাল বলেন, ‘পাঙ্গা জেলখানা’।
কালামের বড় ভাই আবদুল খালেক বলেন, কয়েক দিন আগে বিদেশি একটি নম্বর (+৬০১১২৩২৭৯৬৮৯) থেকে তাঁর মুঠোফোনে একটি কল আসে। ওপাশ থেকে শুধু একটি প্রশ্নই করা হয়, ‘আপনি কি কালামের ভাই?’ এরপরই লাইন কেটে যায়। পরে তিনি তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। তিনি বলেন, ‘পাঙ্গা জেলখানা’র নাম দিয়েই তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিতে আবেদন করেছিলেন, কিন্তু তারা কিছুই করেনি। ভাইকে উদ্ধারের জন্য কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে, জানতে পারলে তাঁরা সেই চেষ্টাই করতেন।