‘আমার ছেলে-মেয়েদের কী বলে বুঝ দেব? ওরা কাকে বাবা ডাকবে?’ কাঁদতে কাঁদতে এ প্রশ্ন করছিলেন কোহিনূর আক্তার। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা গেছেন তাঁর স্বামী মো. ওয়াসিম।
গত সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে নিহত সাত ব্যক্তির মধ্যে মো. ওয়াসিম একজন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে আহাজারি করছিলেন কোহিনূর। মর্গে তখন শুয়ে আছেন প্রাণহীন ওয়াসিম।
কোহিনূর বলছিলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ওয়াসিম কক্সবাজারে গিয়েছিল। সোমবার বাসে ওঠার আগেও আমার সঙ্গে কথা হয়েছিল।’
মৃতদেহ নেওয়ার জন্য মর্গের সামনে অপেক্ষা করছিলেন ওয়াসিমের মামা মো. সোহরাব, স্বজন ইসকান্দর মিয়া, সাইফুল ইসলাম, দোকানের কর্মচারী রাসেল মল্লিক। লাশ নিয়ে সরাসরি শরীয়তপুরে চলে যাবেন, জানালেন তাঁরা।
স্বজনেরা জানান, ঢাকার গুলিস্তানের সাইড মার্কেটের কাপ্তানবাজার কমপ্লেক্সে ‘ওয়াসিম বার্ডস সেল’ নামে ওয়াসিমের একটি পাখির দোকান আছে। পরিবার নিয়ে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। ওয়াসিম-কোহিনূর দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে সুহাদা আক্তার কেয়া খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি পরীক্ষার্থী। ছোট মেয়ে সুমাইয়া আক্তার ওই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। একমাত্র ছেলে মো. জুনাইদের বয়স সাড়ে তিন বছর। ওয়াসিমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামে।