'কক্সবাজারবাণী' সম্পাদকের ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের দায়ে কক্সবাজার শহর থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খানকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন মুরাদ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ফরিদুল মোস্তফাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

গত ২৩ জানুয়ারি কক্সবাজারবাণী পত্রিকায় প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ‘ইয়াবা ও অপরাধ সাম্রাজ্যে এক আব্দুল কুদ্দুস রানা’ শিরোনামে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক আব্দুল কুদ্দুস ইয়াবা গডফাদার ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা আদায় করেন। তা ছাড়া প্রতিবেদনে আব্দুল কুদ্দুসের পরিবার-পরিজন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

গত ২৮ জানুয়ারি সাংবাদিক আব্দুল কুদ্দুস কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ফরিদুল মোস্তফার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেন। গতকাল আদালত কারাদণ্ডের এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আয়াছুর রহমান জানান, আসামি ফরিদুল মোস্তফা খান পলাতক।