'কত টাকা দিলে আমার পোলাডারে পামু?'
‘অগো কথামত এক লাখ টাকা দিলাম, তারাতো আমার পোলাডারে ফিরত দিল না। কত টাকা দিলে আমার পোলাডারে পামু?’
কথাগুলো বলছিলেন কেরানীগঞ্জের রোহিপুর ইউনিয়নের মুগারচর এলাকায় অপহরণের শিকার স্কুলছাত্র মো. আবদুল্লাহর মা রিনা বেগম। আজ রোববার দুপুরে মুগারচর গ্রামে বাড়িতে গেলে রিনা বেগমকে এভাবে আহাজারি করতে দেখা যায়।
গত শুক্রবার দুপুরের পর মাঠে খেলতে বাসা থেকে বের হয় আবদুল্লাহ। এরপর থেকে সে নিখোঁজ। আবদুল্লাহ পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। নিখোঁজের ঘটনায় গত শুক্রবার আবদুল্লাহর নানা মারফত আলী কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এখনো আবদুল্লাহর খোঁজ পাওয়া যায়নি।
আবদুল্লাহর চাচা মো. আদিল প্রথম আলোকে বলেন, শুক্রবার আবদুল্লাহ নিখোঁজ হওয়ার পর বিকেলে মুঠোফোনে পরিবারের এক সদস্যকে এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোনে বলেন, আবদুল্লাহকে তাঁরা অপহরণ করেছেন। ওই ব্যক্তি মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা ৫০ হাজার টাকা দাবি করেন। পরে গতকাল শনিবার বিকেলে ওই ব্যক্তির দেওয়া একটি মুঠোফোন নম্বরে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা পাঠানো হয়। কিন্তু তারপর থেকে ওই ব্যক্তির মুঠোফোন নম্বরটি বন্ধ।
এদিকে ছেলেকে অপহরণের খবর পেয়ে আজ রোববার সকালে কুয়েত থেকে বাড়ি ফিরেছেন আবদুল্লাহর বাবা বাদল মিয়া। বাবা বাদল মিয়া বলেন, আমার দুই ছেলের মধ্যে আবদুল্লাহ বড়। আমি তারে ডাক্তার বানাইতে চাইছি। পুলিশ বাহিনীর কাছে আমার দাবি, আমার ছেলেকে যাতে তাড়াতাড়ি উদ্ধার করা হয়।
জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস হোসেন প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রের পরিবার অপহরণকারী দাবিদার একজনের কাছে এক লাখ টাকা পাঠিয়েছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে আগে থেকে পরিবার পুলিশকে কিছু জানায়নি। স্কুলছাত্রকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।