আইন অমান্য করে চট্টগ্রামের আনোয়ারার তিনটি ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে।
ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদণ্ড এবং অনধিক তিন লাখ টাকা জরিমানার বিধান আছে।
গত বুধবার উপজেলার বটতলীর মেসার্স কর্ণফুলী ব্রিকস ওয়ার্কসে গিয়ে দেখা যায়, ফসলি জমির মাঝখানে স্থাপন করা হয়েছে ভাটাটি। গাড়িতে করে কাঠ এনে ভাটার ভেতরে নেওয়া হচ্ছে। বাইরেও স্তূপাকারে রাখা হয়েছে প্রচুর পরিমাণে কাঠ।
উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখীল গ্রামে দেয়াঙ পাহাড়ের পাদদেশে স্থাপিত সিবিএম ও পাহাড়ের ভেতরে এইচবিএম নামের ইটভাটা দুটিতেও কাঠ পোড়ানো হচ্ছে। জানা গেছে, কাঠ পোড়ানো ও পাহাড় কাটার দায়ে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ভ্রাম্যমাণ আদালত পাহাড়ের ভেতরের ভাটাটি বন্ধ করে দেন। পরে ভাটাটি আবার চালু করা হয়।
সিবিএমের শ্রমিক আলী আহমদ বলেন, ‘প্রতিদিনই আমরা কাঠ দিয়ে ইট পোড়াচ্ছি।’ সিবিএম ও এইচবিএম নামের ইটভাটা দুটির ব্যবস্থাপক মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ভাই, মিথ্যে বলব না, কাঠ পোড়ানো হচ্ছে। এ ছাড়া আর কোনো উপায় নেই।’
বটতলীর মেসার্স কর্ণফুলী ব্রিকস ওয়ার্কসের ব্যবস্থাপক মো. মোতালেব বলেন, ‘আমরা কোনো সময় কাঠ পোড়াইনি। কিন্তু এ বছর কাঠ পোড়াতে হচ্ছে। কাঠ না পোড়ালে ব্যবসা করা যাবে না।’ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে শিগগিরই অভিযান চালানো হবে।’
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল আলম বলেন, কাঠ পোড়ানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।