
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই গতকাল মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এতে আনিসুর রহমান নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। হাতাহাতির এক পর্যায়ে একটি পক্ষ কলেজ ক্যাম্পাসের বাইরে পটকার বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজ সূত্র জানায়, ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখা সহসভাপতি এম কায়সার উদ্দিন ও চট্টগ্রাম কলেজ শাখার নেতা মো. ওবায়দুল হকের কর্মীদের মধ্যে গতকাল বেলা ১১টার দিকে হাতাহাতি শুরু হয়। এতে ওবায়দুলের অনুসারী আনিসুর রহমান আহত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। আহত আনিসুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা প্রথম আলোকে বলেন, কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পক্ষের কর্মীরা কলেজ ক্যাম্পাসের বাইরে আতশবাজির বিস্ফোরণ ঘটান। এই ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
কলেজ শাখা ছাত্রলীগ নেতা ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, কায়সার উদ্দিনের কর্মীরা আনিসকে কোনো কারণ ছাড়াই মারধর করেন। ক্যাম্পাস থেকে বেরিয়ে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।
তবে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করে এম কায়সার উদ্দিন বলেন, ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে সকালে দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে। পরে প্রতিপক্ষের কর্মীরা সুলতান আহমেদ নামের আমার এক কর্মীকে মারধর করেছন।’