পূর্ব শত্রুতার জেরে খাগড়াছড়ির সদর ইউনিয়ন পরিষদের সদস্য কালিবন্ধু ত্রিপুরার নির্দেশে বাবা এবং ছেলেকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে অংশ নেন ১৫ থেকে ২০ জন। খাগড়াছড়িতে বাবা-ছেলেকে হত্যা ও এক নারীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ দুই আসামি হচ্ছেন খগেশ্বর ত্রিপুরা (২৭) ও কলক্কা ত্রিপুরা (৩৫)।
গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর গতকাল শুক্রবার বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রোকেয়া আক্তারের আদালতে তাঁরা জবানবন্দি দেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সকালে জেলা সদরের জঙ্গলটিলা এলাকায় অভিযান চালিয়ে খগেশ্বর ত্রিপুরা ও কলক্কা ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা দুজনেই কালিবন্ধু ত্রিপুরার অনুসারী। তাঁর নির্দেশে বাবা-ছেলেকে হত্যাকাণ্ডের ঘটনায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন তাঁরা। তাঁরা আদালতকে জানিয়েছেন, ঘটনার দিন অন্তত ৩০ জন ওই বাড়িতে যান। এর মধ্যে ১৫-২০ জন মিলে বাবা-ছেলের ওপর হামলা করেন।
জবানবন্দি শেষে আদালত দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান ওসি। এ নিয়ে এই মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১২ মে রাতে খাগড়াছড়ি উপজেলার সদর ইউনিয়নের থলিপাড়ায় রাতের খাবার খাওয়ার সময় নিজ বাড়িতে বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হামলায় আহত হন দুই নারী। এর পরের দিন এ ঘটনায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬৪ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় হত্যা ও ধর্ষণ মামলা করেন নিহত ব্যক্তির আরেক ছেলে।