
‘রিকশাচালক স্বামীর আয়ে সাতজনের সংসার চলে। তিনি ককটেল বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে পড়ে আছেন এখন। তাঁর চিকিৎসার খরচ জোগাড় করব কোথা থেকে? কিছুই বুঝতে পারছি না। সংসার চলবে কীভাবে?’
এসব কথা ফজিলুত বেগমের। তাঁর স্বামী মোহাম্মদ শহীদ (৫০) গত সোমবার রাতে ককটেল বিস্ফোরণে ডান চোখে আঘাত পান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন স্বামীর চিকিৎসা খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে।
নগরের আন্দরকিল্লার বকশিরবিট এলাকায় সোমবার রাত নয়টার দিকে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের বিস্ফোরণে ছয়জন আহত হন। তাঁদের একজনই রিকশাচালক মোহাম্মদ শহীদ।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পাথরঘাটা ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর মোহাম্মদ ইসমাইলসহ ২৮ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেছেন পুলিশের এসআই নাজিম উদ্দিন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১০-১৫ জনকে।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল, সানাউল্লাহ ও অরূপ বড়ুয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাসপাতালের চক্ষু বিভাগের শিক্ষানবিশ চিকিৎসক মো. শামসুজ্জামান বলেন, ‘শহীদকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো প্রয়োজন। কিন্তু সেখানে চিকিৎসার ব্যয় নির্বাহ করার সামর্থ্য তাঁর পরিবারের নেই। এখানেও চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না। হাসপাতালের পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব তা দিয়ে চিকিৎসা চলছে।’
শহীদের ডান চোখের নিচে ও কর্ণিয়ায় ককটেলের স্প্লিন্টারের আঘাত লেগেছে জানিয়ে মো. শামসুজ্জামান বলেন, ‘সোমবার রাতে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন দেখতে পাচ্ছিলেন না। তবে মঙ্গলবার সকালে একটু একটু দেখতে পাচ্ছেন। চোখ নষ্ট হওয়ার আশঙ্কা নেই।’