'কিরণমালা' ও এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যাওয়ায় স্বামী ও সন্তানের তিরস্কারের কারণে যূথিকা রানী (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বেলের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ভারতীয় চ্যানেলে প্রচারিত কিরণমালা নামের ধারাবাহিক নাটক দেখার জন্য যূথিকা রানী সোমবার রাত আটটার দিকে প্রতিবেশী গণেশ চন্দ্র রায়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁর স্বামী শরৎ চন্দ্র রায় (৪৮) রাতের খাবারের বিষয়ে জানতে চান। শুধু আলু ভর্তা ও ভাত রাঁধার কথা জানালে শরৎ বলেন, ‘কিরণমালা দেখার জন্যই বুঝি অন্য কিছু রান্নার সময় হয়নি?’ রাত নয়টার দিকে যূথিকা রানী বাড়ি এলে বড় ছেলে লিটন চন্দ্র রায়ও তাঁকে একই রকম কথা শুনিয়ে ভর্তা-ভাত খাবেন না বলে ঘুমিয়ে পড়েন।
এলাকার কয়েকজন বলেন, পরদিন মঙ্গলবার সকালে পরিবারের পুরুষ সদস্যরা কাজে বাইরে গেলে যূথিকা রানী ঘরে থাকা কীটনাশক পান করেন। বিষক্রিয়া শুরু হলে তিনি উঠানে নেমে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা তাঁর স্বামী ও ছেলেদের খবর দেন। বেলা একটার দিকে স্বামী ও সন্তানেরা তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে যূথিকা মারা যান।
শরৎ চন্দ্র রায় বলেন, ‘মুই খালি কইচোং কিরণমালা দেখাই বড় হইলো। হামরা যে সারা দিন জমিত খাটাখাটি কইরলাম, শুধু আলু ভর্তা দিয়া ভাত খাওয়া যায়! ঘরত ডাইল আর সবজি ছিল সেইল্লা রান্না করিস নাই কেন? মুই কি জানছোং এই কথাত অভিমান করি উয়াই বিষ খায়া জীবন দিবে।’
ছেলে লিটন চন্দ্র রায় বলেন, ‘সারা দিন জমিতে কাজ করে রাতে আলু ভর্তা-ভাত দেখে না খেয়েই ঘুমিয়ে পড়ি। মাকে বলেছি, তোমার কিরণমালা দেখাই বড় কাজ, আমাদের খাবারের দিকে নজর দেওয়ার সময় পাও না। যদি জানতাম মা অভিমান করে এভাবে চলে যাবেন তাহলে প্রয়োজনে লবণভাতও খেতাম।’
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আজমল হক বলেন, ‘ওই নারীকে বেলা একটার দিকে হাসপাতালে আনা হয়। তিনি বিষপান করেছিলেন।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছে ঘটনা শুনে ময়নাতদন্ত
ছাড়াই লাশ সৎকারের অনুমতি দিয়েছি।’