'কে আমারে বিধবা করল?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলার নরবালাখানা গ্রামের নিহত মোকছেদুলের স্ত্রী রেহানা বেগমের আহাজারি। ছবি: প্রথম আলো
শরীয়তপুর সদর উপজেলার নরবালাখানা গ্রামের নিহত মোকছেদুলের স্ত্রী রেহানা বেগমের আহাজারি। ছবি: প্রথম আলো

নিখোঁজের ২০ দিন পর শরীয়তপুর সদর উপজেলার নরবালাখানা গ্রামের একটি ডোবা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে মোকছেদুল আলম ছৈয়াল (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

গত ১৪ এপ্রিল থেকে মোকছেদুল নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে।

পালং মডেল থানা-পুলিশ সূত্র জানায়, মোকছেদুল নছিমন চালিয়ে গাছ কেনা-বেচার কাজ করতেন। গত ১৪ এপ্রিল রাতে একই উপজেলার কোটাপারা গ্রামের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরের দিন পালং মডেল থানায় একটি জিডি করেন। আজ দুপুরে নরবালাখানা গ্রামের একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন গ্রামবাসী। পুলিশ লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটা মোকছেদুলের মরদেহ বলে শনাক্ত করেন। মরদেহটি ছিল অর্ধগলিত।

মোকছেদুলের আট বছর ও পাঁচ বছর বয়সী দুটি ছেলে আছে। তাঁর বাবা জোনাবালী ছৈয়াল বলেন, তিনি গরিব মানুষ। গ্রাম পুলিশের কাজ করে মানুষের সেবা করেছেন। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। ‘কারা আমার ছেলেকে হত্যা করল?’—সেই প্রশ্ন তোলেন তিনি।

স্ত্রী রেহানা বেগম বিলাপ করতে করতে বলছিলেন, ‘আমার স্বামী তো কারও কোনো ক্ষতি করে নাই। কে আমারে বিধবা করল? আমার সন্তানদের এতিম করল? আমি কই যাব?’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করা হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি।