'কেইপিজেডের জায়গা দখলে নেমেছে ভূমিদস্যুরা'
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাছির বলেছেন, ‘স্থানীয় চিহ্নিত ভূমিদস্যুরা কেইপিজেডের জায়গা দখলে নেমেছে। তারা চাকরিচ্যুত কয়েকজন নিরাপত্তাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আন্দোলনের নামে তামাশা করছে।’
গতকাল রোববার কেইপিজেডের ডরমিটরিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসান নাছিরের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি থেকে ভূমিদস্যুরা কেইপিজেডের প্রায় ১২ একর জায়গা দখলে নিয়েছে। তারা সেখানে কাঁটাতারের বেড়া ও পিলার বসিয়েছে। তিনি বলেন, ‘কেইপিজেড প্রতিষ্ঠার পর থেকে বারবার এর লাগাম টেনে ধরা হয়েছে। এতে ফিরে যাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ কারণে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে।’
মতবিনিময় সভায় বিভিন্ন তথ্য তুলে ধরেন কেইপিজেডের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মেজর (অব.) সাদিন তৈয়ব ও জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
ফটকে বিক্ষোভ-সমাবেশ: কেইপিজেডের চাকরিচ্যুত নিরাপত্তাকর্মীরা গতকাল সকাল থেকে ডরমিটরির সামনের গেটে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছেন। এ সময় তাঁরা কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।