বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী) সমর্থিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাদের অভিযোগ, বাসদ (খালেকুজ্জামান) সমর্থিত ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাঁদের ওপর হামলা করা হয়েছে।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে বাসদ (মার্ক্সবাদী) সমর্থিত ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ এ অভিযোগ করেন। তিনি বলেন, এটি শুধু ছাত্র ফ্রন্টের ওপর হামলা নয় বরং বাম ধারার সব ধরনের ছাত্ররাজনীতির ওপর আঘাত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নাঈমা খালেদ বলেন, ‘আজ চূড়ান্ত রাজনীতিবিমুখ সময়ে আমরা অল্প কিছু বাম ছাত্রসংগঠন ছাত্রদের দাবিদাওয়া নিয়ে লড়াই করছি। বিরাট সংখ্যার ছাত্ররা আমাদের সঙ্গে যুক্ত নয় ঠিক, কিন্তু ছাত্ররা আমাদের দাবিদাওয়াকে ঠিক মনে করে। এ ঘটনা তাদের অনেককেই হতাশ করবে।’ তাঁর অভিযোগ, হামলার সময় বাসদ (খালেকুজ্জামান) সমর্থিত ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন। তাঁর তত্ত্বাবধানে বহিরাগতদের নিয়ে এ হামলা করা হয়েছে। হামলায় গাজীপুর, বরিশাল, ঢাকা ও কিশোরগঞ্জের নেতা-কর্মীরা অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে বাসদ (খালেকুজ্জামান) সমর্থিত ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমাদের সেখানে আঞ্চলিক মিটিং ছিল। আমি উপস্থিত ছিলাম। কিন্তু আমাদের কার্যালয়ে তাঁরা আমাদেরই মিটিং করতে দেয়নি। বরং আমাদের নেতা-কর্মীদেরই মারধর করা হয়েছে। পরে প্রশাসন ও পুলিশ কার্যালয়ে তালা দিয়েছে।’
সংবাদ সম্মেলনে নাঈমা খালেদ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাঁদের কার্যালয়ের তালা খুলে দেওয়ার আহ্বান জানান এবং হামলার বিচার ও শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক শরিফুল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়।