'কোস্টগার্ড' পরিচয়ে কৃষককে তুলে নেওয়ার অভিযোগ
‘কোস্টগার্ড পরিচয়ে’ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল গ্রামের নূর হোসেন দেওয়ান নামের এক কৃষককে দিনদুপুরে নিজ বাড়ি থেকে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার পর্যন্ত তিন দিনেও খোঁজ মেলেনি তাঁর। গতকাল ওই বাড়ি পরিদর্শন করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তর চর আবাবিল গ্রামের দেওয়ানবাড়ির নূর হোসেনের কাছে পাশের কুচিয়ামারা গ্রামের মনোহর আলীসহ একদল লোক ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর জের ধরে বৃহস্পতিবার সকালে তাঁদের কয়েকজন বাড়িতে এসে আবারও ওই টাকা দাবি করেন। না পেয়ে তাঁরা চলে যান। দুপুর ১২টার দিকে কোস্টগার্ড পরিচয়ে সাত-আটজনের একটি দল অতর্কিতে ওই বাড়িতে হামলা করে। এ সময় নূর হোসেন ও তাঁর ভাই জাফর দেওয়ানের টিনশেড ঘর ও আলমারি, চেয়ার-টেবিলসহ মালামাল ভাঙচুর করা হয়। এ ছাড়া নূর হোসেনকে বেধড়ক পিটিয়ে টেনে-হিঁচড়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
নূর হোসেনের স্ত্রী নার্গিস গতকাল প্রথম আলোকে বলেন, ‘কোস্টগার্ড পরিচয় দিয়ে হামলার পর আমার স্বামীকে কুকুরের মতো মারতে মারতে নিয়ে গেছে। তাঁদের পরনে কোস্টগার্ডের পোশাক ছিল, তা গ্রামের অনেকেই দেখেছে। তিন দিন ধরে আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। আজ (গতকাল) থানায় গিয়ে এ ঘটনা পুলিশকে অবহিত করি। দুই সন্তান নিয়ে আমি এখন কার কাছে যাব?’
স্থানীয় একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে মনোহর আলী তাঁর বাড়িছাড়া। কয়েকজনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদ উল্যা বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’
রায়পুরের চর আবাবিল রচিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে অবস্থিত কোস্টগার্ড ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি অবগত নই। হামলা, ভাঙচুরের এ ঘটনার সঙ্গে কোস্টগার্ডের কোনো সদস্য জড়িত নন।’
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নূর হোসেন কোথায় আছেন, তা খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। এ ছাড়া তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।