'ক্ষোভে-লজ্জায়' নারী শ্রমিকের আত্মহত্যা
ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানার একজন নারী শ্রমিক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এর আগে উত্ত্যক্ত করার ঘটনায় বিচার চাওয়ায় কারখানাটির এক কর্মকর্তা সহকর্মীদের সামনে তাঁকে অপমান করেন বলেন অভিযোগ উঠেছে।
ওই নারীর নাম রিমা আক্তার (২২)। তিনি আশুলিয়ার ডেবোনিয়ার নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাদিয়াপাড়া গ্রামে। তিনি আশুলিয়ার বাগবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
একই কারখানার শ্রমিক রিমার বোন নুরুন্নাহার আক্তার বলেন, কারখানাটির একজন শ্রমিক রিমাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। গত মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার কিছুক্ষণ পর কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক আলমগীর হোসেন রিমাকে ডেকে পাঠান। সেখানে উপস্থিত শ্রমিকদের সামনে উত্ত্যক্তকারী শ্রমিককে কিছু না বলে রিমাকেই গালিগালাজ করেন তিনি। কর্মস্থল থেকে বাসায় ফিরে রিমা তাঁদের এসব কথা জানিয়েছিলেন।
রিমার বাবা কবীর হোসেন বলেন, ‘ওই রাতে রিমা আর তিনি একই ঘরে ঘুমান। রাত ১২টার দিকে গোঙানোর শব্দে জেগে উঠে তিনি বুঝতে পারেন রিমা কীটনাশক পান করেছে। এরপর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে রিমা মারা যায়। ওই ঘটনায় ক্ষোভে ও লজ্জায় আমার মেয়ে আত্মহত্যা করেছে।’
এসব বিষয়ে কথা বলার জন্য গতকাল কারখানায় গেলে নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। পরে মুঠোফোনে কল করা হলে কারখানাটির প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপক মাসুদুর রহমান বলেন, ‘কী কারণে ওই শ্রমিক আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।’ তাঁর কাছে চাওয়া হলেও আলমগীর হোসেনের মুঠোফোন নম্বর তিনি দেননি। এ কারণে এ বিষয়ে আলমগীরের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, তদন্ত ছাড়া রিমার আত্মহত্যার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।