'খণ্ড-বিখণ্ড দেহ চিত্রের জন্য প্রস্তুত থাকবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ হাসান ইমামকে এবার বেনামি চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে হুমকি পেয়ে দুপুরের পর তিনি নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে ৮ মে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলমকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। গত ২৩ এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসার সামনে ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আজ হু​মকি পাওয়া শিক্ষক হাসান ইমাম বলেন, ‘আজ সকাল ১০টার দিকে মমতাজ উদ্দিন কলা ভবনে তাঁর চেম্বারে দরজার হাতলের সঙ্গে লাগানো একটি খাম পান। খামের ওপরে কোনো ঠিকানা লেখা ছিল না। তবে লাল কালিতে ‘লাল বার্তা’ লেখা এবং খামের দুই পাশে দুটি ক্রস চিহ্ন দেওয়া ছিল। খামের মধ্যে এক লাইনে লেখা একটি চিরকুট ছিল। তাতে লেখা, ‘মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র নয়, এবার আপনার নিজের খণ্ড-বিখণ্ড দেহ চিত্রের জন্য প্রস্তুত থাকবেন।’ এরপর বেলা আড়াইটার দিকে নগরের মতিহার থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।
হাসান ইমাম সম্প্রতি সাপ্তাহিক বিচিত্রার আলোকে ‘মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র’ নামের একটি বই প্রকাশ করেন। ওই অধ্যাপকের লেখা ‘উন্নয়ন অনুন্নয়ন’, ‘বাংলাদেশের গ্রাম’, ‘সামাজিক গবেষণ পদ্ধতি’সহ বেশ কিছু বই রয়েছে।
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, অধ্যাপক হাসান ইমাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।
এর আগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ বিভিন্ন শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে এই বিশ্ববিদ্যালয়ে। প্রক্টর দপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে অন্তত ২৭ জন শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এঁদের কাউকে অজ্ঞাত নম্বর থেকে, আবার কাউকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অনেকের কাছ থেকে চাঁদা চেয়েও হুমকি দেওয়া হয়।