'খাওয়ার অযোগ্য' চাল ফেরত দিলেন পৌর মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট পৌরসভায় ভিজিএফ কার্ডধারীদের জন্য আনা চাল ‘খাওয়ার অযোগ্য’ বলে দাবি করেছেন পৌর মেয়র। তবে জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, এসব চাল খাবার উপযোগী।
ঈদুল ফিতর উপলক্ষে ৪ হাজার ৬২০ ভিজিএফ কার্ডধারীর মাঝে বিতরণের জন্য গতকাল সোমবার বিকেলে খাদ্যগুদাম থেকে একটি ট্রাকে ১২ টন চাল পাঠানো হয়। সেসব চালের কয়েক বস্তা পরীক্ষা করে পোকার অস্তিত্ব পাওয়ায় ট্রাকটি ফেরত পাঠান পৌর মেয়র খান হাবিবুর রহমান।
মেয়র জানান, ‘জেলা খাদ্যগুদাম থেকে পাঠানো চাল অতি নিম্নমানের, খাবার অনুপযোগী। তা ছাড়া বস্তাপ্রতি গড়ে এক থেকে দুই কেজি করে ওজনে কম রয়েছে। এ চাল বিতরণ করা সম্ভব না। তাই তা ফেরত দিয়েছি।’ তিনি বলেন, পৌর এলাকার ভিজিএফ কার্ডধারীদের মাঝে ঈদুল ফিতরের আগে কার্ডপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণ করার কথা। গুদাম থেকে ভালো চাল সরবরাহ করা হলে তা বিতরণ করা হবে। এই খারাপ চাল বিতরণ করা হবে না।
চালের মান ও ওজন বিষয়ে জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এই চালের বয়স প্রায় এক বছর। তাই চাল যে একেবারে ভালো, তা বলা যাবে না। তবে তা দুর্গন্ধযুক্ত বা পোকাযুক্ত নয় এবং খাবার উপযোগী। তিনি দাবি করেন, চালের বস্তাগুলোর ওজন সঠিক রয়েছে।
রবিউল ইসলাম আরও বলেন, ‘পৌরসভার জন্য বরাদ্দ রয়েছে ৪৬ হাজার ২০০ কেজি চাল। এর মধ্যে সোমবার যে ১২ হাজার কেজি চাল পাঠানো হয়েছিল, তার মধ্যে কয়েকটি বস্তার চালে একটু সাদাটে ভাব ছিল। দীর্ঘদিন খাদ্যগুদামে থাকার কারণে এই সমস্যা হয়েছে। আমরা এগুলো বদলে দেব।’