'খান ভাই'দের খোঁজে টাঙ্গাইলে সতর্ক পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু পুলিশের ভয়ে নয়, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনের রোষানল থেকে বাঁচতে এখন পালিয়ে বেড়াচ্ছেন টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই পৌর মেয়র সহিদুর রহমান খান (মুক্তি)।
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার অন্যতম সন্দেহভাজন আমানুর ও সহিদুর। তাঁদের অপর দুই ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান (কাকন) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খানও (বাপ্পা) এই হত্যার ঘটনায় পুলিশের কাছে সন্দেহভাজন। ২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুককে হত্যা করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই আসামি এই হত্যার চক্রান্তকারী ও হত্যাকারী হিসেবে খান পরিবারের চার ভাইয়ের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর থেকে পুলিশ এঁদের খুঁজে বেড়ালেও এখন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এবং নির্যাতনের কারণে ক্ষুব্ধ লোকজনও তাঁদের খুঁজছে। উচ্চ আদালত দুই সপ্তাহের মধ্যে সাংসদ ও মেয়রকে জেলার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নিতে নির্দেশ দিয়েছেন। এরপর থেকে আদালত এলাকায় পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা ভিড় করছেন। চার ভাইয়ের বিরুদ্ধে শহরে একাধিক মিছিলও হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা প্রথম আলোকে বলেন, পৌর মেয়র সহিদুর রহমান খান সম্প্রতি শহরের কলেজপাড়ায় নিজের বাড়িতে যান। নিষেধাজ্ঞা থাকায় তাঁকে পুলিশ গ্রেপ্তারের উদ্যেগ নেয়নি। তবে স্থানীয় আওয়ামী লীগের বিপুল নেতা-কর্মীর রোষ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। পরদিন সকালেই তাঁর বাড়িতে হামলা করেন নেতা-কর্মীরা। ঈদের আগের দিন শহর আওয়ামী লীগ কার্যালয়ে মেয়রের আসার খবর ছড়িয়ে পড়লে কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী হামলা চলান। ফলে মেয়রকে ফুল দিয়ে কার্যালয়ে স্বাগত জানাতে যেসব নেতা-কর্মী সেখানে এসেছিলেন, তাঁরাও কেটে পড়েন। রোষানলে পড়ার ভয়ে ঈদের নামাজ পড়তে বাসা থেকেও বের হননি তিনি। ঈদের পরদিন রাতে গোপনে পালিয়ে যান মেয়র।
ছোট ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমানের এমন পরিণতি দেখে সাংসদ আমানুর রহমান খানও এলাকায় আসার সাহস পাচ্ছেন না। একই হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে সাংসদেরও নাম এসেছে। তিনিও এখন পলাতক। তবে ৫ জুলাই সংসদে অল্প সময়ের জন্য উপস্থিত হয়ে হাজিরা খাতায় সই করে আবার গা ঢাকা দেন।
ফারুক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক অশোক কুমার সিংহ প্রথম আলোকে বলেন, কয়েকজন আসামি ফারুক হত্যা মামলায় সাংসদ, মেয়র ও তাঁদের অপর দুই ভাইয়ের জড়িত থাকার কথা বলেছেন। তাই তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আদালতের আদেশের বাইরে গিয়ে পুলিশ কিছু করবে না। আইন ও আদেশ মেনে মামলার তদন্তকাজ চালানো হবে।
টাঙ্গাইলে প্রভাবশালী এই খান পরিবারের চার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন থানায় চারটি হত্যা মামলাসহ অর্ধশত মামলা হয়েছে। কিন্তু কোনো মামলাতেই এঁদের বিচারের সম্মুখীন হতে হয়নি। প্রভাব খাটিয়ে এত দিন পার পেয়ে গেলেও ফারুক হত্যার পর চাপে পড়েন তাঁরা। ফলে ভুক্তভোগী পরিবারগুলো এখন সাহস করে প্রতিবাদ করছেন। স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশও খান পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আওয়ামী লীগ নেতা ও বর্তমানে জেলা তাঁতি লীগের আহ্বায়ক সোলায়মান হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা চান, আদালতে হাজির হওয়ার আগেই মেয়র ও সাংসদকে যেন ধরে পুলিশের কাছে দিয়ে দেওয়া যায়। এ জন্য তাঁরা আদালত এলাকায় অবস্থান নিয়েছেন।
দুই ছাত্রলীগ নেতা ও অপর দুটি হত্যা মামলার আসামি ছিলেন এই চার ভাই। কিন্তু এসব হত্যার ঘটনায় স্বজনেরা কোনো বিচার পাননি। হত্যার শিকার এমন একজনের পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে গতকাল আদালত এলাকায় কথা হয়। তাঁরা বলেন, ‘স্বজন হত্যার বিচার পাইনি। কিন্তু খুনিরা পুলিশের হাতে ধরা পড়েছে, এটা দেখতে চাই। এ জন্য আদালতে এসেছি।’
গতকাল রোববার আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নিহত ফারুকের স্ত্রী নাহার আহমেদ, ফারুকের শ্যালক সাইফুজ্জামান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জোহায়েরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুজ্জামান প্রমুখ।
আদালত চত্বরে দায়িত্বপালনরত পুলিশ ও গোয়েন্দা পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেন, পুলিশ যে কাউকে প্রয়োজন মনে করলে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারে। এক কর্মকর্তা বলেন, সাংসদ বা মেয়র আদালতে হাজিরা দিয়ে যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাঁদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া আদালত এলাকায় সাংসদ ও মেয়রের ওপর ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী, এমনকি সাধারণ লোকজনও রয়েছেন। তাই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি হতে না পারে, সে জন্য এ এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।