আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যশোর শহর কমিটির সভাপতি আবদুল মান্নানকে খুন করতে অস্ত্র দিয়েছিলেন আওয়ামী লীগের স্থানীয় কর্মী খালেক আর খুন করেন একই সংগঠনের কর্মী মাসুদ। তাঁদের সঙ্গে ছিলেন আরও পাঁচজন।
যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মারুফ আহমেদ ও প্রণব কুমারের কাছে গ্রেপ্তার হওয়া মাসুদ ও খালেক দায় স্বীকার করে আজ বুধবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মান্নান হত্যা মামলার সামগ্রিক বিষয় নিয়ে আজ রাত সাড়ে আটটার দিকে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক গ্রেপ্তার হওয়া দুজনের বরাত দিয়ে বলেন, মান্নান হত্যা মিশনে সাতজন অংশ নিয়েছিরলন। যে দুজনকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে মাসুদ ছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী। এ ছাড়া আরও পাঁচজন হত্যার সঙ্গে জড়িত রয়েছেন। তাঁদের নাম-ঠিকানাও জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে আরিফুল হক জানান। তিনি বলেন, যাঁরা হত্যার সঙ্গে জড়িত, তাঁরা ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে গিয়ে মান্নান খুন হয়েছেন বলেও জানান তিনি।
সম্মেলনে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে যশোর শহরের বেজপাড়া এলাকার মাসুদ ও খালেককে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক।
৯ আগস্ট বিকেলে গুলি করে ও গলা কেটে মান্নানকে হত্যা করা হয়।