সিলেটে লেখক, ব্লগার ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে অভিহিত করেছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে নগরের জিন্দাবাজার এলাকার নজরুল একাডেমিতে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন বক্তারা।
রাত সাড়ে আটটায় সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকেরা জানান, অনন্ত হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের ভূমিকা রহস্যজনক। খুনিদের গ্রেপ্তার তো দূরের কথা, চিহ্নিতই করতে পারেনি পুলিশ। অতীতের বিভিন্ন হত্যাকাণ্ডের মতো অনন্ত হত্যার বিচারও যেন চোরাবালিতে হারিয়ে না যায়, সে জন্য সচেতন সবাইকে উদ্যোগী হতে হবে।
সাম্যবাদী দলের সিলেট জেলা সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে এবং ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সিকান্দর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. আরশ আলী, প্রবীণ বাম রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর গণফোরামের সভাপতি আনসার খান, মহানগর ন্যাপের সভাপতি মো. ইছহাক আলী প্রমুখ।
প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর অভিযোগের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ভূমিকা রহস্যজনক হওয়ার বিষয়টি সঠিক নয়। পুলিশ খুনিদের শনাক্ত করতে যথাসাধ্য চেষ্টা করে চলেছে। খুনি শনাক্ত না হলে গ্রেপ্তারের প্রসঙ্গ আসবে কীভাবে? ইতিমধ্যে তদন্তের স্বার্থে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।’
গত ১২ মে সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হয়ে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে পৌঁছালে অনন্তকে (৩২) কুপিয়ে হত্যা করে চার দুর্বৃত্ত। ঘটনার দিন রাতে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।