'খুনি' খালাতো ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে মাসে আট হাজার টাকা পান বেলাল হোসেন (১৯)। তাঁর দাবি, এই টাকায় চলে না। তাই টাকার লোভে খালাতো ভাইয়ের স্ত্রী ও মেয়েকে হত্যা করেছেন তিনি। গতকাল বুধবার সকালে সংবাদ সম্মেলনে বেলালকে হাজির করে পুলিশ এই দাবি করেছে। পরে বিকেলে অপরাধ স্বীকার করে বিকেলে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।
পুলিশের ভাষ্য, হত্যার পর নিজের বাসায় (মেস) চলে যান বেলাল। সেখান থেকে ফিরে এসে মা-মেয়ের লাশ চারতলার ফ্ল্যাট থেকে অন্য স্বজনদের সঙ্গে নিচে নামান। পরে জানাজায়ও অংশ নেন। তাঁকে যাতে কেউ সন্দেহ না করে সে জন্যই এ কাজ করেন তিনি।
৭ মে চট্টগ্রাম নগরের নালাপাড়ার আল ইসলাম ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে খুন হন মাংস ব্যবসায়ী শাহ আলমের স্ত্রী নাসিমা বেগম ও কন্যা রিয়া আক্তার। হত্যাকাণ্ডের পাশাপাশি বাসার আলমারি থেকে টাকা, স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন খোয়া যায়।
ওই মুঠোফোনের সূত্র ধরেই খুনিকে গ্রেপ্তার করে পুলিশ। বেলাল নালাপাড়ার একটি মেসে থাকার কারণে আত্মীয় শাহ আলমের বাসায় তাঁর নিয়মিত যাতায়াত ছিল।
গতকাল সকালে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে মা-মেয়ে খুনের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়।
ডিবির উপকমিশনার কুসুম দেওয়ান জানান, ওই বাসায় নিয়মিত যাতায়াতকারী অন্যদের সঙ্গে বেলালকেও হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে তাঁকে নজরদারিতে রাখা হয়। গত মঙ্গলবার রাতে নালাপাড়া থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়ে। তিনি জানান, খুন করার পর নিহত নাছিমার দুটো মুঠোফোনও নিয়ে যান বেলাল। উপহার হিসেবে একটি তাঁর প্রেমিকাকে দেন। অন্যটি দেন তাঁর বন্ধু আশরাফুলকে। দুটি মুঠোফোনই তাঁদের কাছ থেকে সোমবার উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহ আলম। তিনি প্রথম আলোকে বলেন, বেলালকে ভাইয়ের মতো আদর করতেন তাঁর স্ত্রী। অথচ বেলাল এমন কাজ করবে তা কল্পনা করাও কষ্টকর। তিনি বেলালের ফাঁসি দাবি করেন।
কুসমুম দেওয়ান জানান, খুনের পর বাসার আলমারি থেকে ৬০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যান বেলাল। পরে বেলা ১২টার দিকে আবার বাসায় এসে অন্য স্বজনদের সঙ্গে কান্নাকাটি করেন। অন্যদের সঙ্গে লাশ নিচে নামান। পরে জানাজায়ও অংশ নেন। চুরি করা সোনা বাকলিয়ার মৌমিতা জুয়েলার্সে ৩৯ হাজার টাকায় বিক্রি করেন। ওই টাকায় টেলিভিশন, ডিভিডি প্লেয়ার, দুটি সাউন্ড বক্স কেনেন বেলাল। জুয়েলার্সের মালিক টিটু সাহার কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়েছে।
ডিবির উপকমিশনার জানান, হত্যাকাণ্ডের দুদিন আগে শাহ আলমের মাংসের দোকানের টিউবওয়েল মেরামত করেন বেলাল। এ সময় মাংসের দোকানের একটি ছুরি কৌশলে সরিয়ে পাশের ডাস্টবিনে লুকিয়ে রাখেন। ঘটনার দিন সকাল নয়টা থেকে শাহ আলমের বাসার সামনে অপেক্ষা করেন তিনি। শাহ আলম, দুই ছেলে হৃদয় হোসেন ও রিয়াদ হোসেন বাসা থেকে বের হওয়ার পর তিনি সেখানে যান। বাসায় ঢোকার পর কী কাজে বেলাল এসেছেন, তা জানতে চান নাসিমা বেগম। একপর্যায়ে বেলাল তাঁর কোমরে রাখা ছুরি দিয়ে নাসিমার পেটে আঘাত করেন। পরে গলা কেটে তাঁকে হত্যা করেন। নাসিমার চিৎকার শুনে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা শিশু রিয়া জেগে উঠলে তাকেও স্নানাগারে নিয়ে খুন করেন।
এদিকে গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাকনের আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বেলাল। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, জবানবন্দিতে টাকার জন্য মা-মেয়েকে খুন করার কথা স্বীকার করেছেন বেলাল।