'গত বছর ৭২৭ শিশু যৌন নির্যাতনের শিকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে ৪ হাজার ১২৪ শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৭২৭ শিশু। চলতি বছরের প্রথম চার মাসেও শিশু নির্যাতনের মাত্রা কমেনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ১০টি জাতীয় দৈনিক পর্যালোচনা করে সংগঠনটি এই প্রতিবেদন তৈরি করে।
অনুষ্ঠানে শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ সহিদ মাহমুদ শিশুদের ওপর নির্যাতনের পরিসংখ্যানমূলক প্রতিবেদন পাঠ করেন। তিনি বলেন, ২০১৫ থেকে ২০১৬ এপ্রিল পর্যন্ত সারা দেশেই শিশুর নিরাপত্তা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এই পুরোটা সময়ই সংবাদপত্রে সবচেয়ে আলোচিত ছিল শিশুহত্যা।
সংগঠনটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেবল ২০১৫ সালেই হত্যার শিকার হয়েছে ২৯২টি শিশু। এর মধ্যে ৪০টি শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। ৬৭টি শিশু নিখোঁজ হওয়ার পর মৃত অবস্থায় পাওয়া যায়। ৩০টি কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ৪০টি শিশু মা–বাবার হাতে খুন হয়। ১৪টি শিশু দুর্বৃত্তদের হামলায় খুন হয়। নয়টি গৃহকর্মী শিশু নির্যাতনের কারণে নিহত হয়।
প্রতিবেদনে দেখানো হয়, ২০১৬ সালের প্রথম চার মাসে ১৩৮টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ৯২টি শিশুকে করা হয়েছে অপহরণ। তবে ৬৭ শিশুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু ১০টি শিশুকে মুক্তিপণের জন্য হত্যা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরের প্রথম চার মাসে ১৬৬টি শিশু তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো না কোনো শাস্তি বা নির্যাতনের শিকার হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, অনেক শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা অনেক সময়ই গণমাধ্যমে আসে না। তাই শিশু অধিকার পরিস্থিতি প্রকৃত অর্থে আরও নির্মম।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক অনুষ্ঠানে বলেন, বিচারহীনতা এবং বিচার–প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই শিশুহত্যার মতো ঘটনাগুলো ঘটছে। তাই যত দ্রুত সম্ভব এসব মামলার বিচারকাজ শেষ করতে হবে। তিনি বলেন, দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। কিন্তু শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দিলেই হবে না, প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস।