'গরিব বলেই কি বিচারটা এমন হলো!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টে রাকিব হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের রায়ে হতাশ বোধ করছেন তার বাবা মো. নুরুল আলম। ছবিটি মঙ্গলবার রায় ঘোষণার পর রাকিবের বাড়ি খুলনার টুটপাড়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
হাইকোর্টে রাকিব হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের রায়ে হতাশ বোধ করছেন তার বাবা মো. নুরুল আলম। ছবিটি মঙ্গলবার রায় ঘোষণার পর রাকিবের বাড়ি খুলনার টুটপাড়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

ছোট বাড়িটির সামনের ছোট গলিপথে বেশ খানিকটা জটলা। সেই জটলা ঠেলে বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল, বুক চাপড়ে আহাজারি করছেন রাকিবের মা লাকি বেগম। ঘরের মধ্যে চলা টিভির স্ক্রলে দেখানো হচ্ছে, শিশু রাকিব হত্যা মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের খবর।

এই খবর শুনে মা কখনো নির্বাক। আবার কখনো মূর্ছা যাচ্ছিলেন। মাঝে মাঝে বলছিলেন, ‘বাবা, তোর যারা মারি ফেলিল, তারা বুধায় পার পায়ে গেল রে।’ কাঁদছেন রাকিবের বাবা মো. নুরুল আলম ও বোন রিমি।

কান্নাজড়িত কণ্ঠে বাবা নুরুল আলম বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানুষ মানববন্ধন করেছে। নিম্ন আদালতে ফাঁসির রায়ের পর সবাই খুশি হয়েছিল। কিন্তু আমার দুর্ভাগ্য, রায় বহাল রাখা গেল না। আমরা গরিব বলে কী বিচারটা এমন হলো!’

বাবা বলেন, তিনি সন্তানের স্মৃতি এখনো ভুলতে পারেন না। বৃহস্পতিবার এলে কেউ বলে না, ‘বাবা, জামাকাপড়গুলো ধুয়ে দাও।’ গত বছর যখন ছেলের হত্যাকারীদের ফাঁসির রায় হয়েছিল, তখন থেকে আল্লাহর কাছে চাইছিলেন—এই রায়ই যেন বহাল থাকে। আক্ষেপ করে বলেন, ‘তা আর হলো কই?’

হতাশার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বাবা নুরুল আলম। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ শতক খাস জমি পেয়েছি। ইচ্ছে ছিল হাইকোর্টের রায়ের পর মেয়েটাকে নিয়ে ওই জায়গায় একটা ঘর বানিয়ে থাকতে পারব। কিন্তু দুদিন পর তো ওরা বের হয়ে আসবে। আমার মেয়েটা বড় হচ্ছে। আমাদের জীবনের গ্যারান্টি দেবে কে? দুপুরবেলা বাড়ি থেকে জ্যান্ত ছেলে গেল, লাশ হয়ে ফিরল। ওদের ওপর কোনো বিশ্বাস আছে!’ এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। এখনো আশা ছাড়িনি। সুপ্রিম কোর্ট ফাঁসির রায় বহাল রাখবে বলে বিশ্বাস করি।’

রাকিবের ছোট বোন রিমি আক্তার কাঁদতে কাঁদতে বলে, ‘আমার ভাইকে যারা মেরেছে, তাদের ফাঁসি বদলে সাজা কমানো হয়েছে। এটা ভীষণ কষ্টের।’

কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন রাকিবের মা লাকি বেগম। ছবিটি মঙ্গলবার রায় ঘোষণার পর রাকিবের বাড়ি খুলনার টুটপাড়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন রাকিবের মা লাকি বেগম। ছবিটি মঙ্গলবার রায় ঘোষণার পর রাকিবের বাড়ি খুলনার টুটপাড়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

রাকিব হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়ক মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আদালত এই রায়ের পর্যবেক্ষণে বারবার বলেছেন রাকিব হত্যা মামলা একটি নৃশংস ঘটনা। গত ১০০ বছরের ইতিহাসে এমনটা হয়নি। এই ঘটনায় আদালত নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মানবিক দিক বিবেচনায় আসামিদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। এই রায়ে আমরা অসন্তুষ্ট। এই রায় একটি পরস্পরবিরোধী (কন্ট্রাডিক্টরি) রায়। এই রায়ে আমরা সংক্ষুব্ধ হয়ে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে সুপ্রিম কোর্টে রিভিউ করব।’

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির বলেন, রায়ের কপি পাওয়ার পর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন খুলনার অনেক সাধারণ মানুষ। এমনই একজন খুলনার টুটপাড়া এলাকার গোলাপ হোসেন। তিনি বলেন, ‘উচ্চ আদালতের রায়ে আমরা হতাশ হয়েছি। আমরা সবাই চেয়েছিলাম রাকিব হত্যার মতো পৈশাচিক ঘটনার হোতাদের ফাঁসি বহাল থাকুক।’

আরও পড়ুন: