দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তাদের অনেকে সরকারের কড়া সমালোচনা করেন। তাঁরা বলেন, দেশে গুম, খুন ও অপহরণের রাজনীতি শুরু হয়েছে। সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না।
সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে হাসান মো. নিজামুদ্দৌলাকে (মতি) সভাপতি ও মো. শাহিনুর ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ প্রধান। তিনি বলেন, আগামী দিনে দেশ ও জনগণের উন্নয়নে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। দলটি উন্নয়নে বিশ্বাস করে। কারও করুণা চায় না।
বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘বিরোধী দল হিসেবে আমরা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাই বলে আমরা সরকারের অনিয়মকে সমর্থন করতে পারি না।’ তিনি বলেন, সারা দেশে গুম, খুন, অপহরণ ও হত্যার রাজনীতি শুরু হয়েছে, যা সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। কিছুদিন আগে সরকারদলীয় একজন এমপিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। সেই রহস্য উদ্ঘাটিত হয়নি। এতে প্রমাণিত হয়, সাধারণ জনগণ আজ নিরাপদ নয়। এই সরকারের ওপরে আর জনগণের আস্থা নেই।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহম্মেদ শফি। তিনি সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বলেই আজ দেশে গণতন্ত্র রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে। জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতায় আসতে পারত না। অথচ তারাই আজ জাতীয় পার্টির সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে।’
সম্মেলনে জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মো. জুলফিকার হোসেন প্রমুখ বক্তব্য দেন।