'গুম' হওয়ার পাঁচ মাস পর উদ্ধার
পটুয়াখালী সদর উপজেলার টাউন বহালগাছিয়া গ্রামের গৃহবধূ ইয়ানুর আক্তার রীনাকে হত্যার পর লাশ গুমের অভিযোগে করা মামলার পাঁচ মাস পর তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার আবদুল্লাহপুর গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পটুয়াখালী সদর থানার পুলিশ জানায়, ইয়ানুরকে হত্যা করে লাশ গুমের অভিযোগে গত ১০ এপ্রিল আদালতে মামলা করেন তাঁর বাবা আনসার আলী। এতে ইয়ানুরের স্বামী হানিফসহ পাঁচজনকে আসামি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ হানিফকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, ‘লালপুরের কালাম ফকির নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার কিছুদিন পর লালপুর রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় ইয়ামিনকে খুঁজে পান। তখন তিনি মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন ছিলেন। ওই ব্যক্তি বিষয়টি পুলিশকে জানায়। একপর্যায়ে ইয়ানুর তাঁর বাড়ি পটুয়াখালী জানালে সেখানকার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে। ইয়ামিনকে রোববার রাতে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক পরীক্ষার পর আদালতে সোপর্দ করা হবে।’