বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার তিনজনকে বান্দরবানের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু হানিফের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ’ কিছু তথ্য দিয়েছেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে করা হলে তাঁদের কাছ থেকে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যেতে পারে।
গত শনিবার সকালে নাইক্ষ্যংছড়িতে বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের একটি বিহার থেকে বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যার লাশ পাওয়া যায়। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ভিক্ষু হওয়ার আগে তাঁর নাম ছিল মং শৈ উ।
এ ঘটনায় গত রোববার উপজেলার বাইশারী বাজার থেকে দুই রোহিঙ্গা আবদুর রহিম, জিয়াউর রহমান এবং উপর চাকপাড়া গ্রাম থেকে সামং চাককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজন জিজ্ঞাসাবাদে কী তথ্য দিয়েছেন, তদন্তের স্বার্থে তা জানাতে চাননি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান। তবে তিনি বলেন, ‘ঘটনার অনেক ক্লু পাওয়া গেছে।’
চাক সম্প্রদায়ের নেতারা বলেছেন, হত্যাকাণ্ডের চার দিন পরও হত্যার কারণ উদ্ঘাটন করতে না পারা উদ্বেগজনক। চাক সমাজ সমিতির সভাপতি মংমং চাক, জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় ভূমি সম্পাদক চিংহ্লামং চাক বলেন, হত্যার পেছনে সম্ভাব্য দুটি কারণ থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। এর একটি হচ্ছে পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দেশের অন্যান্য স্থানের মতো জঙ্গিগোষ্ঠী এ ঘটনা ঘটাতে পারে। দ্বিতীয় সম্ভাব্য কারণ হিসেবে তাঁরা বলছেন, ভূমি দখলদার চক্র আতঙ্ক সৃষ্টি করে চাকদের উচ্ছেদ করতে এ ঘটনা ঘটাতে পারে।
চিংহ্লামং চাক বলেন, মাত্র ২ হাজার ৮০০ জনসংখ্যার চাক জনগোষ্ঠী শুধু নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাস করে। চাকদের গ্রামের চারদিকে ভূমি দখলদারদের আনাগোনা রয়েছে এবং রোহিঙ্গা বসতি গড়ে উঠেছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ও মামলার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ভূমি-সংক্রান্ত বিষয়, জঙ্গি-সংশ্লিষ্টতাসহ সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।
এদিকে উপর চাকপাড়া গ্রামের শ্মশানে গতকাল বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। চাক সম্প্রদায়ের নারী-পুরুষ ছাড়াও কয়েক শ পাহাড়ি ও বাঙালি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।