'গোলাগুলিতে' এক রাতে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের দুই উপজেলায় এক রাতে ‘গোলাগুলিতে’ চারজন নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে সদর ও ঝিকরগাছা উপজেলায় এ দুটি ‘গোলাগুলির’ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের মধ্যে গোলাগুলিতেই এ ঘটনা ঘটে এবং নিহত চারজনই ডাকাত। তবে তাঁদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গতকাল শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে চারটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বেওয়ারিশ হিসেবে চারটি মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা জানান, শুক্রবার রাত সোয়া দুইটার দিকে তাঁরা খবর পান সদর উপজেলার নোঙরপুর গ্রামের দরগাহর পাশে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে। ভোররাত পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। তাঁদের একজনের বয়স ৩০-এর কোঠায় এবং অপরজনের ৪০-এর কোঠায়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দেশি দুটি ওয়ান শুটার গান, শুটার গানের গুলি, পাঁচটি গুলির খোসা, পাঁচটি রামদা ও হাঁসুয়া এবং কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করে একটি মামলা করেছে।

সদর উপজেলার নোঙরপুর গ্রামের এক কৃষক বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে গ্রামের দরগাহর পাশে মাঠ থেকে চার-পাঁচটি গুলির শব্দ শুনতে পান। সকালে ঘটনাস্থলে গিয়ে রক্ত এবং রক্তমাখা একটি দড়ি দেখতে পান।

এদিকে ঝিকরগাছা থানার পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-তে ফোন করে এক ব্যক্তি জানান, উপজেলার চাঁপাতলা গ্রামের মাঠের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁপাতলা গ্রামের পশ্চিম পাশে একটি পেঁপেবাগানের মধ্যে দুজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। তাঁদের বয়স ৩০-এর কোঠায়। ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, দুটি পিস্তলের গুলি, একটি রামদা, একটি চায়নিজ কুড়াল, পাঁচ জোড়া স্যান্ডেল এবং একটি দড়ি উদ্ধার করা হয়েছে।

উপজেলার চাঁপাতলা গ্রামের এক গৃহবধূ বলেন, ‘রাতে গ্রামের পাশের মাঠে আট–দশটি বোমার আওয়াজে ঘুম ভেঙে যায়। এরপর ঘর থেকে বাইরে এসে বাড়ির পাশের রাস্তা দিয়ে পুলিশের একটি গাড়ি যেতে দেখি। এর কিছুক্ষণ পর শুনতে পাই মাঠে দুজন লোক মারা গেছে।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম গতকাল সন্ধ্যায় বলেন, দুই দল ডাকাতের দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে দুজন মারা গেছেন। তাঁদের একজনের বুকে এবং অপরজনের মাথায় গুলি লেগেছে। তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।