'গোলাগুলিতে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় ‘গোলাগুলিতে’ এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, দিবাগত রাত তিনটার দিকে বারান্দীপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ফাঁকা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, ডাকাত দল ও মাদক বিক্রেতাদের মধ্যে গোলাগুলির খবর এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নিজেদের ছোড়া গুলিতে একজন নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ডাকাত দলের সদস্য ছিলেন।
নিহত ব্যক্তির লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বেলা ১১টা পর্যন্ত লাশের খোঁজে মর্গে কেউ আসেনি।