'গোলাগুলিতে' সন্দেহভাজন ডাকাত নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে সন্দেহভাজন ডাকাতদলের দুই পক্ষের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিকে ডাকাত বলছে পুলিশ।
আজ রোববার ভোর তিনটার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের চূড়ান্তমূড়া পাহাড়ি এলাকায় কথিত এই গোলাগুলি হয়।
পুলিশের বিবরণ অনুযায়ী, গুলিতে নিহত ব্যক্তির নাম আবদুর রহমান। তাঁর বাড়ি বাঁশখালীর পুইছড়ি গ্রামে।
আবদুর রহমানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে বাঁশখালী থানায় ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীরের ভাষ্য, আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে পাহাড়ি এলাকায় ডাকাতদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আবদুর রহমানকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ছয়টি গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য আবদুর রহমানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় তারা আইনগত পদক্ষেপ নেবে।