'গ্রেনেড বিস্ফোরণে' জেএমবি নেতা নিহত

‘গ্রেনেড বিস্ফোরণে’ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রামের ‘সামরিক শাখার প্রধান’ তৌফিকুল ইসলাম ওরফে জাবেদ (২২) নিহত হয়েছেন।
পুলিশ বলেছে, গতকাল মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকায় গ্রেনেড উদ্ধারে গেলে জাবেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। এতে তিনি নিহত হন।
গত রবি ও সোমবার গ্রেনেডসদৃশ বোমা, অস্ত্র, গুলিসহ জঙ্গি সন্দেহে চট্টগ্রামে তৌফিকুল ইসলাম ওরফে জাবেদ, বুলবুল আহমেদ, মো. সুজন, মাহবুবুর রহমান ও শাহজাহানকে আটক করা হয়। পুলিশ বলেছে, জাবেদ জেএমবির চট্টগ্রামের সামরিক শাখার প্রধান। অন্যরা জেএমবির প্রশিক্ষিত সদস্য।
গতকাল সকালে নগর পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান বলেন, আটকের পর জাবেদ জানান, তাঁরা আরও কিছু গ্রেনেড অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকায় লুকিয়ে রেখেছেন। এরপর পুলিশ গ্রেনেড উদ্ধারে তাঁকে নিয়ে মঙ্গলবার ভোররাতে সেখানে যায়। ভোর পাঁচটার দিকে জাবেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। গ্রেনেড বিস্ফোরণে জাবেদ, ডিবি পুলিশের এসআই ইলিয়াছ খান ও লিয়াকত আলী এবং কনস্টেবল ফয়সাল আহমেদ আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। পুলিশের আহত তিন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্যসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত জাবেদের গলা থেকে পেট পর্যন্ত ঝলসে গেছে।
ময়নাতদন্ত শেষে জাবেদের লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত স্বজনেরা লাশ নিতে আসেনি।
জাবেদের গলা থেকে পেট পর্যন্ত ঝলসে যাওয়ার কারণ সম্পর্কে অভিযানে থাকা ডিবির এসআই ইলিয়াছ খান বলেন, ‘হয়তো গ্রেনেডটি কম শক্তিশালী ছিল।’
চট্টগ্রামে তহবিল সংগ্রহে ছিনতাইয়ে জেএমবি!
পুলিশ বলেছে, তহবিল সংগ্রহের জন্য জেএমবির সদস্যরা ছিনতাইয়ে নেমেছে। অস্ত্রসহ জঙ্গি সন্দেহে পাঁচজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, গত ২৩ সেপ্টেম্বর রাতে সদরঘাট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিনতাইকারীদের গুলিতে নিহত হন। ওই সময় বিস্ফোরণে দুই ছিনতাইকারী নিহত হয়। কিন্তু পরিচয় না পাওয়ায় আঞ্জুমান মুফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে তাদের লাশ দাফন করে।
পুলিশের হাতে আটক বুলবুল আহমেদ গতকাল নগর ডিবি কার্যালয়ে বলেন, তহবিল সংগ্রহের জন্য তিনিসহ জেএমবির আটজন সদস্য সদরঘাটের ওই ছিনতাইয়ে অংশ নেন। সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে নয়, নিজেদের সিদ্ধান্তে তাঁরা এ কাজে জড়িয়ে পড়েন। ঘটনার দিন তিনিসহ চারজন দূর থেকে ঘটনা দেখছিলেন। গ্রেনেড বিস্ফোরণে সংগঠনের রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম গুরুতর আহত হলে তাঁরা পালিয়ে যান।
বুলবুল বলেন, নিহত রফিকুল তাঁর মামাশ্বশুর। তাঁদের অস্ত্র-গুলিসহ নানা সরঞ্জাম দিয়েছেন ফারদিন নামে জেএমবির এক নেতা।
আটক মাহবুবুর ও শাহজাহান নিহত রফিকুলের বড় ভাই। তাঁদের বাড়ি কর্ণফুলী থানার ইছানগরে।
মাহবুবুর রহমান ও শাহজাহানের দাবি, তাঁরা জঙ্গি নন। তাঁদের ভাই যে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত তাঁরা তা জানতেন না।
রফিকুলের বাবা আবদুল গণি প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে রফিক ছিনতাই করতে গিয়ে মারা গেছে। সে জঙ্গি কি না, জানি না। তবে আমার দুই ছেলে মাহবুব ও শাহজাহান জঙ্গি নয়।’
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর-দক্ষিণ) মো. বাবুল আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জঙ্গিরা তহবিল সংগ্রহ করতে ছিনতাইয়ে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেছে।
‘গ্রেনেড বিস্ফোরণে’ নিহত জাবেদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরের বেথেইর মহল্লায়। এলাকায় তিনি রানা নামে পরিচিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ২০০৯ সালে কটিয়াদীর চরজাগালিয়া কারিগরি স্কুল থেকে এসএসসি পাস করেন জাবেদ। এরপর চলে যান চট্টগ্রামে। তাঁরা জানতেন জাবেদ চট্টগ্রামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে। সর্বশেষ পবিত্র ঈদুল আজহার এক দিন আগে তিনি গ্রামের বাড়ি আসেন। ৩০ সেপ্টেম্বর চলে যান।
পরিবারের সদস্যরা জানান, চট্টগ্রামের বাসার ঠিকানা ও পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে জাবেদ বিরক্ত হতেন।
জাবেদের বাবা জজ মিয়া মুদি দোকানি। তিনি বলেন, জাবেদকে তাঁরা পড়ার খরচ দিতেন না।