'ঘুষখোর' কর্মচারী ধরতে গিয়ে অবরুদ্ধ দুদক দল, মারামারি
সিলেট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের বাণিজ্য শাখায় ‘ঘুষখোর’ কর্মচারী ধরতে গিয়ে উপপরিচালকের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের একটি দল প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ ছিল। এ সময় আটক কর্মচারীকে ছাড়িয়ে নিতে জেলা প্রশাসকের কর্মচারীরা দুদকের দুজন উপসহকারী পরিচালক, এক কনস্টেবল ও গাড়িচালককে মারধরও করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ গিয়ে দুদকের দলটিকে মুক্ত করে নিয়ে আসে।
জেলা প্রশাসকের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন দুদক সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মনজুর, রণজিৎ কুমার কর্মকার, কনস্টেবল মিসবাহ উদ্দিন ও গাড়িচালক বিপ্লব। তাঁদের মধ্যে কনস্টেবল মিসবাহকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুদকের হাতে আটক জেলা প্রশাসনের কর্মচারী আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে রণজিৎ গত ১১ ডিসেম্বর জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। অপরজন ওয়াহিদ মঞ্জুর ২১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও আসিফ বিন ইকরামের বিরুদ্ধে দুদক আইনে করা মামলার বাদী। দুদক সূত্র দাবি করছে, ডিসিকে নোটিশ ও সাবেক ইউএনওর বিরুদ্ধে মামলা করার ক্ষোভে ডিসি অফিসের কর্মচারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।
দুদক ও জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকাসহ দুদকের একটি দল আটক করে। জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষ থেকে আজিজুরকে নিয়ে যাওয়ার সময় কর্মচারীরা দুদক দলের সবাইকে কক্ষে আটকে রাখেন। একপর্যায়ে আজিজুরসহ দুদক দলকে জেলা প্রশাসকের কক্ষে নিয়ে রাখা হয়। এ অবস্থায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সঙ্গে দুদক দলের বৈঠক চলাকালে কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা দফায় দফায় মিছিল করে আজিজুরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন দুই পক্ষে হাতাহাতি থেকে মারামারি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হাতাহাতির সময় কাঠের রোলার দিয়ে দুদকের কনস্টেবল মিসবাহর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে পড়ে যান। তাঁকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হয়ে আহত হন দুদকের উপসহকারী পরিচালক ওয়াহিদ ও রণজিৎ। রাত সাড়ে সাতটার দিকে মহানগর পুলিশের একটি দল দুদকের দলকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিরাপদে নিয়ে যায়। এ সময় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, নিরাপত্তাহীনতার কারণে দুদকের এই কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন। তাঁরা কী কারণে গিয়েছিলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের উপসহকারী পরিচালক রণজিৎ কর্মকার বলেন, জেলা প্রশাসনের বাণিজ্য শাখায় ঘুষের লেনদেন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁরা এই অভিযান চালান। ঘুষের টাকাসহ আজিজুরকে ধরামাত্র তাঁরা অবরুদ্ধ হয়ে পড়েন। তিনি বলেন, দুদক ফাঁদ পেতে বা যেকোনো সময় এ রকম অভিযান পরিচালনা করার বৈধতার বিষয়টি জেলা প্রশাসককে জানানোর পরও তাঁরা এই পরিস্থিতির মুখে পড়েন। তবে জেলা প্রশাসকের বিরুদ্ধে দুদকের নোটিশ দেওয়া এবং সাবেক ইউএনওর বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে দুদক সিলেট কার্যালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ দেওয়ার পর থেকে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মচারীরা দুদক সিলেট কার্যালয়ের প্রায় সব কর্মকর্তার ওপর অসন্তুষ্ট ছিলেন। ১১ ডিসেম্বর নোটিশ দিয়ে এক মাসের মধ্যে সম্পদের হিসাব চাওয়া হয়েছিল। পরে জেলা প্রশাসক একটি চিঠি দিয়ে হিসাব দাখিলের সময় বাড়িয়েছিলেন। কোম্পানীগঞ্জের সাবেক ইউএনওর বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক ওয়াহিদ মনজুর বাদী হওয়ার পর থেকে একই ক্ষোভ ছিল।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এ রকম কোনো কিছু তাঁর জানা নেই বলে প্রথম আলোর কাছে দাবি করেন। তবে ঘটনা সম্পর্কে তিনি বলেন, দুদক একজন কর্মচারীকে আটক করতে গিয়েছিল। ওই কর্মচারী স্ট্রোক করেন। এতে কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে পড়লে হাতাহাতির সৃষ্টি হয়। এ অবস্থায় দুদক দলকে নিরাপদে একটি কক্ষে রেখে পুলিশের পাহারায় যেতে দেওয়া হয়। অসুস্থ কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।