২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের একজন উপকর কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কর্মকর্তারা এ কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় অবস্থিত রাজস্ব সার্কেল-২-এর কার্যালয় থেকে আলী আকবর নামের এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের চট্টগ্রামের উপপরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা অভিযানে নেতৃত্ব দেন। তিনি প্রথম আলোকে বলেন, গৃহকর নির্ধারণ ও বাড়ির মালিকের নাম পরিবর্তনের জন্য মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন রাজস্ব সার্কেল-২-এর কর্মকর্তা আলী আকবর। চান্দগাঁওয়ের রূপালি আবাসিক এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন গত সোমবার এ ব্যাপারে দুদকে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ফাঁদ পেতে আলী আকবরকে ধরার পরিকল্পনা নেয় দুদক।
মোশাররফ হোসেন মৃধা বলেন, পরিকল্পনামতো মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামাল উদ্দিন রাজস্ব সার্কেল-২-এর কার্যালয়ে গিয়ে আলী আকবরকে ঘুষের ২০ হাজার টাকা দেন। এ সময় আশপাশে ছদ্মবেশে থাকা দুদকের কর্মকর্তারা আলী আকবরকে গ্রেপ্তার করেন। তাঁর প্যান্টের পকেট থেকে এক হাজার টাকার ২০টি নোট উদ্ধার করা হয়।
আলী আকবরকে গ্রেপ্তারের পর নগরের চান্দগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। দুদকের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেন।
তবে ঘুষের টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আলী আকবর। চান্দগাঁও থানায় তিনি সাংবাদিকদের বলেন, তাঁর কাছ থেকে ঘুষের কোনো টাকা পাওয়া যায়নি। তাঁর পকেটে মাত্র ৩২৪ টাকা ছিল। আগ্রাবাদ থেকে অফিসে আসার পরপরই দুদক কর্মকর্তারা তাঁকে আটক করে নিয়ে আসেন। আলী আকবর দাবি করেন, রাজস্ব সার্কেল-২-এর কর কর্মকর্তা হতে ইচ্ছুক পাঁচ-ছয়জন ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছেন। এ ছাড়া সিটি করপোরেশনের চলমান কর পুনর্মূল্যায়ন কার্যক্রম বানচাল করার জন্যও একটি মহল এ ষড়যন্ত্র করতে পারে।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দুদকের কাছ থেকে মামলার কাগজপত্র পাওয়ার পর আলী আকবরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।