'ঘুষের টাকাসহ' কর্মচারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ষোলশহরের ভূমি কার্যালয়ে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ‘ঘুষের টাকাসহ’ এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা অভিযানে নেতৃত্ব দেন।

সঞ্জীবের বাড়ি নগরের এনায়েতবাজারের গোয়ালপাড়ায়।

দুদক সূত্র জানায়, ঘুষ নেওয়ার অভিযোগে সঞ্জীবের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।তাঁকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ১০ হাজার টাকা ঘুষের আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী মনিরুজ্জামান ও তাঁর স্ত্রী জেসমিন মসরুরা জামান দক্ষিণ খুলশীতে একটি ফ্ল্যাট কেনেন। নামজারির সময় ভুলে জেসমিনের নাম বাদ পড়ে যায়।

মনিরুজ্জামানের ভাতিজা মোহাম্মদ সফি বলেন, তাঁকে ভুলটি সংশোধনের দায়িত্ব দেওয়া হয়। এ জন্য তিনি ছয় মাস ধরে ভূমি কার্যালয়ে দৌড়ঝাঁপ করছেন। এরই একপর্যায়ে ২০ হাজার টাকা ঘুষের বিনিময়ে তাঁর কাজ করে দিতে রাজি হন সঞ্জীব কুমার দে। মঙ্গলবার ১০ হাজার টাকা লেনদেন করার সময় সঞ্জীব ধরা পড়েন।

দুদকের উপপরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা বলেন, ‘সফি আজ (মঙ্গলবার) ১০ হাজার টাকা দেন। বাকি ১০ হাজার টাকার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন সঞ্জীব। আশপাশে ছদ্মবেশে থাকা আমাদের লোকজন তা শুনেছেন ও দেখেছেন।’

অভিযোগ অস্বীকার করে সঞ্জীব কুমার দে বলেন, ‘আমি টাকা নিইনি। উনি (সফি) আমাকে জোর করে টাকা দিতে চেয়েছেন।’

ষোলশহর ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার মো. নোমান হোসেন বলেন, ‘কেউ এ ধরনের কাণ্ড ঘটালে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।’