‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তার হওয়া রাজস্ব বিভাগের উপকর কর্মকর্তা আলী আকবরকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল রোববার তাঁকে বরখাস্ত করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন বলেন, চাকরিবিধি অনুযায়ী আলী আকবরকে বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-২-এর কার্যালয় থেকে আলী আকবরকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক জানায়, গৃহকর নির্ধারণ ও বাড়ির মালিকের নাম পরিবর্তনের জন্য মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন আলী আকবর। চান্দগাঁওয়ের রূপালী আবাসিক এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন গত সোমবার এ ব্যাপারে দুদকে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ফাঁদ পেতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ২০টি ১ হাজার টাকার নোট উদ্ধার করা হয়।