'চক্রটি ফেসবুক-ইমোতে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করত'
রাজধানীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্দেহভাজন নয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা দীর্ঘদিন ধরে ফেসবুক, ইমোসহ বিভিন্ন মাধ্যমে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন বলে ডিবির ভাষ্য।
ডিবি বলছে, গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে মোবাইল ফোনের খুদে বার্তা পাঠানো হয়। তখন ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। পরে তারা সংশোধনী দেয়।
গ্রেপ্তার হওয়া নয় ব্যক্তি হলেন সাইফুল ইসলাম, রুবেল ব্যাপারী, আ. সাত্তার, মেজবাহ আহম্মেদ, কাওছার হোসেন, আল আমীন, ইকরাম হোসাইন, হৃদয় হোসেন ও জাহাঙ্গীর।
ডিবি জানায়, সংস্থার সহকারী কমিশনার মাহমুদ নাসেরের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের ভুয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০টি মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে।
ডিবির উপকমিশনার সাজ্জাদুর রহমানের দাবি, বিজি প্রেসের কর্মচারী আলমগীর হোসেন এই প্রশ্নপত্র ফাঁস চক্রের নেতা। তিনি পলাতক রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে এই কাজ করছেন। তাঁরা বিভিন্ন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন।