ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাইওয়ে টহল পুলিশের ধাওয়ায় মোটরসাইকেলসহ ট্রাকচাপা পড়ে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের তিনজন নেতা নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার রাতে তাঁদের প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়। নিহত একজনের স্ত্রী অভিযোগ করেছেন, চাঁদার জন্যই পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করেছিল।
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে তিন নেতার নিহতের ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কেন্দ্রীয় ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন সারা দেশে কর্মবিরতি পালন করে।
প্রত্যাহার করা দুই পুলিশ সদস্য হলেন সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান ও কনস্টেবল আলী আকবর। এ থানার ওসি আলমগীর সিদ্দিকী প্রথম আলোকে তাঁদের প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আশুগঞ্জে যাচ্ছিলেন আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম খন্দকার, সাধারণ সম্পাদক আলী আজম হাজারী ও ক্রীড়া সম্পাদক শাহজাহান মিয়া। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এসআই আনিসুজ্জামানসহ পুলিশের চার সদস্যের একটি টহল দল মোটরসাইকেলটি থামার সংকেত দেয়। মোটরসাইকেল না থামালে এক পুলিশ সদস্য সেটি ধাওয়া করেন। একপর্যায়ে হাতে থাকা লাঠি ছুড়ে মারলে তা মোটরসাইকেলটির চাকায় ঢুকে যায়। এতে মহাসড়কে উল্টে পড়ে মোটরসাইকেলটি। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই তিন নেতা নিহত হন। তখন পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। নিহত তিনজনের বাড়িই সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে।
জাহাঙ্গীর আলম খন্দকারের স্ত্রী ফেরদৌসা বেগম অভিযোগ করেন, ‘চাঁদার জন্য পুলিশ তাঁদের থামাতে চেয়েছিল। চাঁদা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করায় তিনটা মানুষকে মরতে হলো।’
আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হারুন মোল্লা বলেন, সোমবার প্রায় ছয় লাখ টাকা নিয়ে কেরোসিন ও ডিজেল আনতে আশুগঞ্জ যাচ্ছিলেন ওই তিন নেতা। নিহত হওয়ার পর সেই টাকা তাঁদের সঙ্গে পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশের এসআই আনিসুজ্জামানসহ কয়েকজনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
সরাইল থানার ওসি রূপক কুমার সাহা গতকাল বিকেল ছয়টার দিকে জানান, পরিবারগুলোর পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।