'চাঁদার' টাকায় ১৭ চিকিৎসক আনন্দভ্রমণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্ম–কর্তার (আরএমও) বিরুদ্ধে কয়েকটি ওষুধশিল্প প্রতিষ্ঠানের স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের (এসআর) কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
‘চাঁদাবাজির’ এই টাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির আরএমও মো. নোমান মিয়ার নেতৃত্বে ১৭ চিকিৎসক সপরিবারে কক্সবাজার ও সেন্ট মার্টিনে আনন্দভ্রমণে গেছেন। গত বুধবার গভীর রাতে তাঁরা একটি বিলাসবহুল বাসে করে সরাইল ত্যাগ করেন। আজ শনিবার রাতে ফেরার কথা রয়েছে। এদিকে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী ও ভুক্তভোগী এসআররা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দিতে বাধ্য করেন আরএমও নোমান মিয়া। ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলোকে তিনটি সারিতে ভাগ করা হয়। প্রথম সারির প্রতিষ্ঠানের এসআরের জন্য চাঁদা নির্ধারণ করা হয় ৫০ হাজার, দ্বিতীয় সারির জন্য ৪০ হাজার ও তৃতীয় সারির জন্য ৩০ হাজার টাকা। আরএমও হুঁশিয়ার করে বলেন, চাঁদা যাঁরা দেবেন না, তাঁদের আগামী ছয় মাস স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই সঙ্গে তিনি এ-ও বলেন, চাঁদাদাতাদের আগামী ছয় মাস বিশেষ সুবিধা দেওয়া হবে।
অন্তত ১০টি ওষুধ কোম্পানির কাছ থেকে চাঁদা আদায়ের তথ্য পাওয়া গেছে। টাকা পাওয়ার পর ওষুধশিল্প প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি ও জেলা ব্যবস্থাপকদের ধন্যবাদপত্র দেওয়া হয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে তাতে আরএমওর সই রয়েছে। এ ছাড়া চাঁদা প্রাপ্তির বিষয়ে হাতে লেখা চিরকুট দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক এসআর ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে বলেন, ‘উনাদের (চিকিৎসকদের) লেখার ওপর আমাদের চাকরি নির্ভর করে। তাই ভয়ে চাঁদা দিতে হলো।’
এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য আরএমও নোমান মিয়ার মুঠোফোনে গতকাল একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনা আখতার বেগমের মুঠোফোনে রিং করে বন্ধ পাওয়া যায়। তবে আনন্দভ্রমণে থাকা চিকিৎসা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘আমাদের নিজেদের অবদান আছে। পাশাপাশি বাইরের কিছু টাকা আছে।’
এ বিষয়ে সিভিল সার্জন হাসিনা আখতার বলেন, ‘১৭ জন চিকিৎসা কর্মকর্তা কক্সবাজারে যাওয়ার বিষয়টি আমি জেনেছি। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।