'চিৎকার করার পরও কেউ এগিয়ে আসেনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লাভ লেন এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে ভাইকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন শেখ রিয়াজ মাহমুদ নামের এক ব্যক্তি। কিন্তু পথে তাঁদের কাছে থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার শিকার রিয়াজ অভিযোগ করেন, এ সময় আশপাশে অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু চিৎকার করার পরও কেউ এগিয়ে আসেননি। দূরে একজন পুলিশ সদস্যও দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন।

শেখ রিয়াজ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে ছোট ভাই শেখ রিফাত মাহমুদসহ রিকশায় করে ফিরছিলাম। টাকাগুলো বড় ভাইয়ের। তাঁর বাসা মেহেদীবাগে। লাভ লেন এলাকার নেভাল অ্যাভিনিউর কাছাকাছি পৌঁছার পর সিএনজিচালিত একটি অটোরিকশা গতিরোধ করে। ওই অটোরিকশায় চারজন ছিল। দুজন বেরিয়ে এসে আমাকে রিকশা থেকে নামায়। তাঁদের সঙ্গে কথা বলা শুরু করার পর দেখি আমার ছোট ভাইকে টাকার ব্যাগসহ অটোরিকশায় তুলে নিয়েছে। ওর চিৎকারে এগিয়ে যাই। অটোরিকশা চলতে শুরু করলে আটকানোর চেষ্টা করি, গ্রিল ধরে দৌড়াতে থাকি। কিছুক্ষণ পর ছিনতাইকারীরা টাকার ব্যাগটা রেখে আমার ভাইকে ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে ফেলে দেয়।’

রিয়াজ মাহমুদের বড় ভাই এস মাহমুদ শাহেদ বলেন, ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে তাঁরা দুই ভাই আহত হয়েছেন। ছিনতাইয়ের বিষয়ে থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।