'চুরির অপবাদে' শিশুকে পিটিয়ে জখম, আটক ১
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের উত্তর ছলিমপুর গ্রামে গত শুক্রবার ভোরে মো. তাকরিম হোসেন ওরফে সৌরভ (১২) নামের একটি শিশুকে পিটিয়ে জখম করা হয়েছে।
তাকরিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মাত্র পাঁচ হাজার টাকা চুরির অপবাদে শিশুটিকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মনজুর হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
তাকরিম উত্তর ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনার মাঝরপাড়া গ্রামে। তাদের পরিবার সীতাকুণ্ডের উত্তর ছলিমপুরের জামাল কলোনিতে ভাড়া বাসায় থাকে।
তাকরিমের বাবা অটোরিকশার চালক বাদশা মিয়া বলেন, তাঁর ছেলে শুক্রবার ভোরে গ্রামের একটি বাড়ির বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় ওই বাড়ির মনজুর তাকে একটি কাজ করে দিতে বলে। অস্বীকৃতি জানালে মনজুর চুরির অপবাদ দিয়ে কয়েকজন সঙ্গীসহ তাকরিমকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁর ছেলেকে উদ্ধার করেন। তিনি বলেন, তাঁর স্ত্রী ও বড় ছেলে ঘটনাস্থলে গেলে মনজুরের পক্ষের লোকজন তাঁদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর আদায় করে নেন।
ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ বলেন, তিনি শুনেছেন ঘটনাটি তত বড় নয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।