'চোখের সামনে দালালেরা লোকজনকে পিটিয়ে হত্যা করে সাগরে ফেলেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ট্রলারে মানুষকে মারতে দেখেছি। চোখের সামনে দালালেরা লোকজনকে পিটিয়ে হত্যা করে সাগরে নিক্ষেপ করেছে।’ কথাগুলো সিরাজুল ইসলামের (১৬)।
গত সোমবার মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীর মধ্যে সিরাজুল ইসলামও ছিল। ওই ১৫৯ জনের মধ্য থেকে সিরাজুলসহ ১৭ জন কিশোর গতকাল মঙ্গলবার বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছে। বাকি ১৪২ জনকে আজ বুধবার ছেড়ে দেওয়া হবে। তারা এখন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অবস্থান করছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ১৫৯ জনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ১৭ জনকে গতকাল কক্সবাজারের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর আদালতের নির্দেশে কিশোরদের বাড়ি পৌঁছে দিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলা ইউনিটের সভাপতি নুরুল আবছার জানান, ১৭ জন কিশোরকে বাড়ি পাঠানোর জন্য মঙ্গলবার রাতে গাড়িতে তোলা হয়েছে।
গতকাল বিকেলে আদালত চত্বরে কথা হয় দেশে ফিরিয়ে আনা নরসিংদীর সিরাজুলের সঙ্গে। ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার কারণ সম্পর্কে জানতে চাইলে সে বলল, তার বয়স যখন আট বছর, তখন তার বাবা অন্য নারীকে বিয়ে করে আলাদা সংসার পাতেন। একসময় মাসহ তার ঠাঁই হয় নানার বাড়িতে। একদিন মামা তাকে মালয়েশিয়া পাঠানোর জন্য দালালের হাতে তুলে দেন। সিরাজুল জানায়, ২৯ মে মিয়ানমার উপকূলে তাদের বহনকারী ট্রলার আটক করে সে দেশের নৌবাহিনী।