জাতীয় পার্টির সাবেক নেতা পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী সন্তোষ কুমার খরাতী। জবানবন্দিতে তিনি বলেন, ১৯৭১ সালে তাঁর সামনেই তাঁর বড় ভাই সাখানাথ খরাতীকে গুলি করে হত্যা করেন আবদুল জব্বার।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল প্রথমে জবানবন্দি দেন সন্তোষ খরাতী (৬৩)। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী গ্রামে। একাত্তরের ২২ মে আবদুল জব্বারের নেতৃত্বে রাজাকাররা তাঁদের গ্রামে হামলা চালায়। কিন্তু কয়েকজন গ্রামবাসী তাদের প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় জব্বার তাঁর হাতের রাইফেল দিয়ে তাঁর (সাক্ষী) বড় ভাই সাখানাথ খরাতীকে গুলি করে হত্যা করেন। তিনি তখন বড় ভাইয়ের পাশেই ছিলেন। তাঁর চোখের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর জব্বারের নির্দেশে রাজাকার নূর হোসেন গ্রামের নিশিকান্ত ও সুরেন্দ্রনাথ বিশ্বাসকে গুলি করে হত্যা করে। জব্বারের নির্দেশে আরও কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়। সেদিন মোট ১১ জন শহীদ হন। রাজাকাররা পরে গ্রামের ৬০টি ঘরবাড়ি লুট করে আগুন ধরিয়ে দেয়।
জবানবন্দি শেষে সন্তোষ খরাতীকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান। সন্তোষ খরাতীর জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ১৪ আগস্ট পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে তাঁর বিচার শুরু করেন এই ট্রাইব্যুনাল। একাত্তরে মুসলিম লীগ ও মুক্তিযুদ্ধের পর জাতীয় পার্টির সাবেক এ নেতার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গতকাল পর্যন্ত এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষ্য দিলেন।
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, স্থানীয়ভাবে ‘জব্বার ইঞ্জিনিয়ার’ নামে পরিচিত জব্বারের জন্ম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাচিরা গ্রামে। একাত্তরে তিনি মঠবাড়িয়া শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তাঁর পরামর্শে মঠবাড়িয়ায় রাজাকার বাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধকালে মঠবাড়িয়ায় শান্তি কমিটি ও রাজাকাররা পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে কাজ করে এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটন করে।